২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিতেই ডে ব্রুইনের শেষ দেখতে চান গুয়ার্দিওলা

ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভারটা অবশ্য খেলোয়াড়ের ওপরই ছেড়ে দিতে চান ম্যানচেস্টার সিটির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 07:13 PM

Updated : 27 Feb 2024, 07:27 PM

কেভিন ডে ব্রুইনেকে নিয়ে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের কথা শোনা গিয়েছিল গত গ্রীষ্মেই। আগামী গ্রীষ্মের দলবদলের উইন্ডো খোলার এখনও অনেকটা সময় বাকি থাকলেও ফের গুঞ্জন উঠেছে, ইউরোপ ছেড়ে সৌদি ফুটবলে পাড়ি জমাতে পারেন বেলজিয়ান তারকা। তবে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার চাওয়া, এই ক্লাবেই ক্যারিয়ারের শেষ পর্যন্ত থাকুক দলের নির্ভরযোগ্য এই ফুটবলার। 

সিটির সঙ্গে ডে ব্রুইনের চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। তার আগেই ৩২ বয়সী মিডফিল্ডার ক্লাব ছেড়ে যেতে পারেন বলে ধারণা অনেকের। 

এফএ কাপে মঙ্গলবার লুটন টাউনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গুয়ার্দিওলা বলেন, আগামী মৌসুমে ডে ব্রুইনেকে সিটিতেই দেখতে চান তিনি। যদিও ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভারটা খেলোয়াড়ের ওপরই ছেড়ে দিতে চান এই স্প্যানিয়ার্ড।

"আমি চাই সে থাকুক, কিন্তু জানি না (কী হবে)। কিছু গুঞ্জন শুনেছি, কিন্তু জানি না কোনো প্রস্তাব আছে কি-না, জানি না সৌদি আরব তাকে চায় কি-না। আমি চাই সে তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত (সিটিতে) থাকুক, তবে প্রত্যেকেরই নিজস্ব ভাবনা আছে।” 

২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেন ডে ব্রুইনে। ইংলিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬৭ ম্যাচে ৯৮ গোল করেছেন তিনি। একটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি প্রিমিয়ার লিগসহ জিতেছেন অনেক শিরোপা।