২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রক্ষণে ‘গ্রানাইটের দৃঢ়তা’ দেখছেন ইউভেন্তুস কোচ

নাপোলিকে হারিয়ে সেরি আর টেবিলে শীর্ষে ফেরার পর দলের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

রক্ষণে ‘গ্রানাইটের দৃঢ়তা’ দেখছেন ইউভেন্তুস কোচ

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো গাত্তির গোলে এগিয়ে যাওয়ার পর ইউভেন্তুসের উল্লাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 04:48 PM

Updated : 09 Dec 2023, 04:51 PM

পিছিয়ে পড়া নাপোলি রক্ষণে হানা দিল বারবার। কখনও তারা নিজেরাই নষ্ট করল সুযোগ, কখনও ব্যর্থ হলো ইউভেন্তুসের জমাট রক্ষণে চিড় ধরাতে। স্বস্তির জয়ে লিগ টেবিলে শীর্ষে ফেরার পর ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি দলের দৃঢ়তার তুলনা করলেন ‘গ্রানাইটের’ সঙ্গে। 

সেরি আয় শুক্রবার নাপোলিকে ১-০ গোলে হারায় ইউভেন্তুস। ৫১তম মিনিট হেডে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ফেদেরিকো গাত্তি। 

এই জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে ফিরেছে ইউভেন্তুস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৩৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ম্যাচে অনেক সুযোগ তৈরি করেছিল নাপোলি, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেনি তারা। ইউভেন্তুস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিও বেশ কয়েকটি ভালো সেভে পোস্ট অক্ষত রাখেন। 

ম্যাচ শেষে ডিএজেডএনের সঙ্গে আলাপচারিতায় দলের দৃঢ়তার কথা বললেন আল্লেগ্রি। 

“আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। মাঠের দুই দিকে বল মুভ করিয়েছি, এরপর যখন কঠিন মুহূর্ত এলো, দল তখন হয়ে উঠল গ্রানাইটের ব্লক।” 

“আমার একদল খেলোয়াড় আছে, যারা কঠোর পরিশ্রমী। মাঠে কখনও কখনও ধীরগতির ফুটবল খেলতে হয়, সবসময়ই যে ওয়ান-টাচ ফুটবল খেলার চেষ্টা করতে হবে, তা নয়। ম্যাচের কিছু মুহূর্তে আমাদের আরও ভালোভাবে ম্যাচের নিয়ন্ত্রণ রাখা উচিত।”