ট্রফি উঁচিয়ে পিএসজি কোচ বললেন, ‘জয় প্রাপ্য ছিল না আমাদের’
‘ফুটবল কখনও কখনও অন্যায্য, জয় প্রাপ্য ছিল টটেনহ্যামের’, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সুপার কাপ জয়ের পর বললেন লুইস এনরিকে।
গোলের উদযাপন, ট্রফি নিয়ে খ্যাপাটে উল্লাস, সবই করলের লুইস এনরিকে। তবে মাইক্রোফোনের সামনে তিনি অকপটেই কণ্ঠে ফুটিয়ে তুললেন মনের কোণে থাকা অনুভূতি। উয়েফা সুপার কাপের শিরোপা জিতে পিএসজি কোচ বললেন, জয়টি আসলে প্রাপ্য ছিল টটেনহ্যাম হটস্পারের।
‘প্রাপ্য’ সেই জয়ের খুব কাছেই ছিল টটেনহ্যাম। ইতালির উদিনিতে বুধবার ৮৪ মিনিট পর্যন্ত ইংলিশ দলটি এগিয়ে ছিল ২-০ গোলে। এরপরই পিএসজির প্রত্যাবর্তনের অসাধারণ গল্প। ৮৫তম মিনিটে গোল করেন বদলি নামা দক্ষিণ কোরিয়ান উইঙ্গার লি কাং-ইন। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা ফেরান গন্সালো রামোস।
পরে টাইব্রেকারে এনরিকের দল জিতে যায় ৪-৩ গোলে। গত মৌসুমে ট্র্রেবল জয়ের ইতিহাস গড়া দল নতুন মৌসুম শুরু করল ট্রফি জিতেই।
তবে ম্যাচের পর নিজের সত্যিকারের ভাবনাই জানালেন পিএসজি কোচ। ক্লাব বিশ্বকাপ খেলার পর বিশ্রাম-বিরতির সময় খুব বেশি ছিল না। তার পরই আবার মাঠে নেমে প্রস্তুতি শুরু করতে হয়েছে, সেটিও তুলে ধরলেন তিনি।
“৮০ মিনিট ধরে জয়টা আমাদের প্রাপ্য ছিল না। আমার মনে হয়, ম্যাচে জয়টা টটেনহ্যামের প্রাপ্য ছিল, কারণ তারা ফর্মে ছিল, ছয় সপ্তাহ ধরে অনুশীলন করছিল এবং দারুণ একটি ম্যাচ তারা খেলেছে।”
“আমরা কেবল ছয় দিন অনুশীলন করেছি। তবে কখনও কখনও ফুটবল এরকমই অন্যায্য। আমাকে বলতেই হবে, শেষ ১০ মিনিটে আমরা সৌভাগ্যবান ছিলাম যে দুটি গোল করতে পেরেছি।”
প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেও এনরিকে বললেন, এক মুহূর্তের জন্যও বিশ্বাস হারায়নি তার দল।
“সমর্থকদের মতো আমাদের ফুটবলারদেরও বিশ্বাস ছিল শেষ মিনিট পর্যন্ত।”
পিএসজির অধিনায়ক মার্কিনিয়োস অবশ্য বিশ্বাস করে উঠতে পারছেন না, শেষ পর্যন্ত তারা জিতেছেন। গত মৌসুমের ক্লান্তি-শ্রান্তি এখনও কাটিয়ে উঠতে পারেনি দল। সেই চ্যালেঞ্জের কথাও বললেন এই ডিফেন্ডার।
“এভাবে জিততে পারা অবিশ্বাস্য। এই দল আরও একবার মেলে ধরেছে মানসিকতার ছাপ, যদিও শারীরিকভাবে আমরা খুব ভালো অবস্থায় ছিলাম না।”
“বদলিগুলোর মাধ্যমে শেষ মুহূর্তে গোল আদায় করতে পেরেছি আমরা। এরপর টাইব্রেকারে তো আমাদের এমন ফুটবলার আছে, যারা খুব ভালো পেনাল্টি নেয় এবং এমন এক গোলকিপার আছে, যে আমাদেরকে সহায়তা করেছে।”
ফরাসি লিগে রোববার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবেন পিএসজি।
