আর্জেন্টিনার বিপক্ষে সুযোগ হারানোর আক্ষেপ কানাডার
সেমি-ফাইনাল হারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতাকে দায় দেন কানাডা মিডফিল্ডার স্টিফেন ইউসতাকিও।
দুই অর্ধের শেষ দিকে এলো দারুণ কিছু সুযোগ। কিন্তু একটিতেও আর্জেন্টিনার রক্ষণের প্রতিরোধ ভাঙতে পারল না কানাডার আক্রমণভাগ। সেমি-ফাইনাল থেকে বিদায়ের পর তাই সুযোগ হাতছাড়া করার আক্ষেপ দলের মিডফিল্ডার স্টিফেন ইউসতাকিওর।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারে কানাডা। প্রথমবার কোপা আমেরিকায় খেলতে এসে শেষ চারে থামে তাদের স্বপ্নময় যাত্রা।
ম্যাচের ফলে অবশ্য কানাডার পারফরম্যান্স পুরোপুরি ফুটে ওঠে না। গতিময় ফুটবলের সঙ্গে পাল্টা আক্রমণে বেশ কয়েকবারই আর্জেন্টিনার রক্ষণে হানা দেয় কানাডা। ম্যাচের প্রথম আক্রমণও তারাই করে।
আর্জেন্টিনা নিজেদের গুছিয়ে নেওয়ার আগে প্রথম সাত মিনিটে দুটি সুযোগ পান জ্যাকব শ্যাফলবার্গ। কোনোটিই কাজে লাগাতে পারেননি পরে। পরে দুটি প্রতি আক্রমণও কাজে লাগাতে ব্যর্থ হয় কানাডা।
এসব সামাল দিয়ে ২৩তম মিনিটে হুলিয়ান আলভারেসের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। কেটে যায় বিশ্ব চ্যাম্পিয়নদের স্নায়ু চাপ।
প্রথমার্ধের যোগ করা সময়ে জন্সটনের থ্রো-ইন থেকে ডি-বক্সের ভেতরে ফাঁকায় পেয়ে যান জোনাথান ডেভিড। তবে এমিলিয়ানো মার্তিনেসকে এড়াতে পারেননি তিনি।
পরে দ্বিতীয়ার্ধের শেষ দিকে ১ মিনিটের মধ্যে দুটি সুযোগ হাতছাড়া করেন তানি ওলুয়াসেই। বিপজ্জনক জায়গা থেকে তার শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকান এমিলিয়ানো। পরের মিনিটে ভালো জায়গা থেকে হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন ওলুয়াসেই।
একাধিক সুযোগ হাতছাড়া করে গ্রুপ পর্বের মতো ২-০ গোলে হেরেই মাঠ ছাড়ে কানাডা। ম্যাচ শেষে নিজ দেশের ব্রডকাস্টার চ্যানেল টিএসএনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইউসতাকিও বলেন, শুরুর দিকে কোনো একটি সুযোগ কাজে লাগাতে পারলে খেলার চিত্র ভিন্ন হতে পারত।
“তারা (আর্জেন্টিনা) বিশ্বের সেরা দল। তবে একইসঙ্গে বলব, ম্যাচের শুরুতে আমাদেরও সুযোগ ছিল।”
“আমরা যদি সুযোগগুলোর একটিতেও গোল করতাম, ম্যাচের গল্পটা হয়তো ভিন্ন হতে পারত। তবু এই পর্যন্ত আসা, কোপা আমেরিকার শেষ চারে খেলা, অনেক বড় অর্জন।”
