২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির মুখোমুখি হওয়ার আগে বায়ার্ন কোচের নির্ঘুম রাত

কোয়ার্টার-ফাইনালের হাইভোল্টেজ ম্যাচের চিন্তা কোনোভাবেই সরিয়ে রাখতে পারছেন না টমাস টুখেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 04:16 PM

Updated : 11 Apr 2023, 04:16 PM

লড়াইটা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের, প্রতিপক্ষ পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি- যেকোনো দলের জন্যই খুব কঠিন চ্যালেঞ্জ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলেরও চিন্তার শেষ নেই। কী করলে সাফল্য মিলবে, গুয়ার্দিওলার দলকে কীভাবে আটকানো যাবে- এমন সব চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে টুখেলের।

গত সেপ্টেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর কোচ হিসেবে এই প্রথম ইংল্যান্ডে টুখেল। শেষ আটে বায়ার্ন ও সিটির প্রথম লেগের ম্যাচটি হবে মঙ্গলবার, ইতিহাদ স্টেডিয়ামে।

এখন পর্যন্ত কোচ হিসেবে ১০ বার গুয়ার্দিওলার দলের মুখোমুখি হয়েছেন টুখেল, জিতেছেন ৩ বার।

চেলসির দায়িত্ব ছেড়ে কয়েক মাস বেকার থাকার পর গত মার্চের শেষ দিকে বায়ার্নের কোচ হিসেবে যোগ দেন টুখেল। তার হাত ধরে প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে বুন্ডেসলিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ফেরে বায়ার্ন। তবে তার তিন দিন পরই ফ্রেইবুর্কের বিপক্ষে হেরে ছিটকে যায় জার্মান কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে।

অবশ্য গত শনিবার বুন্ডেসলিগায় ওই ফ্রেইবুর্ককেই হারিয়ে আবার জয়ের পথে ফিরেছে বায়ার্ন। এবার তাদের পরীক্ষা আরও বড়, মঞ্চটা আরও বিশাল। তাইতো মাথা থেকে চিন্তা সরাতে পারছেন না বলে আগের দিন সংবাদ সম্মেলনে বললেন টুখেল।

“আমি তাড়াতাড়ি বিছানায় যাওয়ার চেষ্টা করব। আশা করি, ঘুমাতে পারব। সবচেয়ে ভালো প্রস্তুতি হলো ভালো ঘুম, কিন্তু কখনও কখনও কিছু বিষয় নিয়ে ভাবতে থাকলে ঘুমানো কঠিন হয়ে যায়।”

“আজ সকালে অনেক আগেভাগে আমার ঘুম ভেঙে গিয়েছিল, তখন আমি অনুশীলন মাঠে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ আর কিছুতেই ঘুম আসছিল না। আমি কেবল ম্যাচ নিয়েই ভাবতে থাকি।”

২০১৪ সালের নভেম্বরের পর সিটির বিপক্ষে আর খেলেনি বায়ার্ন। সেই ম্যাচে মানুয়েল পেল্লেগ্রিনির সিটির বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল জার্মান ক্লাবটি।

গুয়ার্দিওলার বিপক্ষে টুখেলের সবশেষ জয় ২০২১ সালে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। সেবার সিটিকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। পরের মৌসুমে প্রিমিয়ার লিগে আবার গুয়ার্দিওলার দলের সঙ্গে দুবারের দেখায়ই হেরেছিল টুখেলের চেলসি।

গুয়ার্দিওলার বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা থাকলেও আসছে পরীক্ষায় সেটা খুব একটা কাজে দেবে বলে মনে করেন না টুখেল। ৪৯ বছর বয়সী এই কোচের মতে, ইতিবাচক ফল পেতে নিজেদের সেরাটা দিতে হবে তাদের।

“আমার মনে হয় না পেপের (গুয়ার্দিওলা) বিপক্ষে খেলা আগের ম্যাচগুলো থেকে খুব বেশি কিছু শিক্ষা এখানে কাজে লাগাতে পারব।”

"পেপ সবসময় নতুন নতুন কৌশল নেয়। যাই হোক, আমরা সমাধান বের করার চেষ্টা করব, কিন্তু সিটিকে সমস্যায় ফেলতে হলে আমাদের পরিপূর্ণ পারফরম্যান্স দেখাতে হবে।”