Published : 16 Dec 2025, 11:41 PM
গত মৌসুমের পুরোটা জুড়ে যে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন এবং পিএসজির ট্রেবল জয়ে যেভাবে ভূমিকা রেখেছেন, তাতে উসমান দেম্বেলের সেরা হওয়া নিয়ে সংশয় ছিল সামান্যই। প্রত্যাশিতভাবেই ২০২৫ সালের সেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতলেন এই ফরাসি ফরোয়ার্ড।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় ফিফার বর্ষসেরাদের পুরস্কৃত করার ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। জমকালো অনুষ্ঠানে দেম্বেলের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
এবারের অনুষ্ঠানে অবশ্য একটু ভিন্নতা আনে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।
প্রতিবার অনুষ্ঠানে শুরু থেকে একে একে অন্যান্য ক্ষেত্রে বিজয়ী ঘোষণার পর, সবশেষ দেওয়া হয় বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের পুরস্কার। তবে এবার, মূল অনুষ্ঠান শুরুর আগেই জানানো হয় সেরা গোলরক্ষক, বছরের সেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড জয়ী, ফিফা ফেয়ার প্লে বিজয়ীদের নাম।
বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার দৌড়ে দেম্বেলে অনেকটা এগিয়ে থাকলেও, চূড়ান্ত ঘোষণার আগে কিছুটা অনিশ্চয়তা তো থাকেই। যদিও বিবেচিত সময়ে (২০২৪ সালের ১১ অগাস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট) দুর্দান্ত পারফরম্যান্সে অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। বিশেষ করে, তার পারফরম্যান্স ছিল ফল নির্ধারক; পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ চার শিরোপা জয়ের নায়ক ছিলেন তিনি।
প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন তিনি ৫৩ ম্যাচ খেলে। এছাড়া সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে।
এই সময়ে ক্লাবের হয়ে তিনি আরও জেতেন লিগ আঁ ও ফরাসি কাপ। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
বিবেচিত সময়ের মধ্যে আছে প্রথমবারের মতো অনুষ্ঠিত ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপও। চোটের কারণে অবশ্য গ্রুপ পর্বের তিন ম্যাচে খেলতে পারেননি দেম্বেলে। পরে মাঠে ফিরে দলকে ফাইনালে তোলার পথে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে একটি করে গোল করেন এই উইঙ্গার। তবে শিরোপা লড়াইয়ে তার দল হেরে যায় চেলসির বিপক্ষে।
তবে ওই একমাত্র ব্যর্থতা তাকে আরও একটি সেরার স্বীকৃতি পাওয়ার পথে কোনো বাধা হতে পারল না।
নারী ফুটবলে বর্ষসেরার মঞ্চে সেই পরিচিত মুখ, আইতানা বনমাতি। টানা তৃতীয়বারের মতো বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন স্পেনের এই মিডফিল্ডার।
বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ মৌসুমে টানা ষষ্ঠ লিগ শিরোপা জিতেছেন বনমাতি। ঘরোয়া ফুটবলে গত মৌসুমে আরও দুটি শিরোপা জিতেছে তার ক্লাব।
কিন্তু উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা হেরে যায় আর্সেনালের বিপক্ষে। উইমেন’স ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারের স্বাদ পান বনমাতি; ইংল্যান্ডের বিপক্ষে পরাজিত হয় স্পেন। কিন্তু দুই টুর্নামেন্টেই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (এমভিপি) পুরস্কার পান ২৭ বছর বয়সী এই তারকা।
ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
বছরের সুন্দরতম গোল মন্তিয়েলের
অসুস্থ শিশুদের দিকে হাত বাড়িয়ে ফিফার পুরস্কার পেলেন জাখোর ভক্তরা