অসুস্থ শিশুদের দিকে হাত বাড়িয়ে ফিফার পুরস্কার পেলেন জাখোর ভক্তরা
ইরাকের ছোট শহরের বড় হৃদয়ের মানুষদের অসংখ্য চ্যারিটি কার্যক্রমের একটি স্বীকৃতি দিল ফিফা।
ইরাকের স্টার্স লিগে আল হুদুদ ক্লাবের বিপক্ষে জাখো এসসির ম্যাচ তখন শুরু হবে। এমন সময়ে দেখা গেল অভাবনীয় এক দৃশ্য। গ্যালারি থেকে নানা ধরনের খেলনা ছুঁড়ে মারছেন দর্শকরা। এগুলো সব তাদের উপহার, অসুস্থ শিশুদের জন্য।
ব্যতিক্রমী ও অভিনব ওই উদ্যোগে ‘দা বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসে মঙ্গলবার ফিফা ফ্যান অ্যাওয়ার্ড জিতেছেন জাখো ক্লাবের সমর্থকরা।
গত ১৩ মের ঘটনা উল্লেখ করেছে ফিফা। আল ওদুদের বিপক্ষে ওই ম্যাচে জাখোর সমর্থকরা মাঠে অসংখ্য খেলনা নিক্ষেপ করেন।
ক্লাবের অধিনায়ক আহমেদ ইব্রাহিম বলেন, জাখো সমর্থকদের অসংখ্য উদ্যোগের একটি ছিল সেটি।
“শিশুদের সাহায্য করার জন্য মাঠে খেলনা নিক্ষেপ ছিল একটা দুর্দান্ত কাজ। আমাদের অঞ্চলে অনেক শিশু আছে যাদের চিকিৎসা সহায়তা প্রয়োজন। এই ধরনের কাজ এবং ভক্তরা যে অর্থ উত্তলন করেন, তা ওই শিশুদের সহায়তা করে।”
“তারা এমন অনেক কিছু করে। যেমন, বিদ্যালয়ে যায়, গৃহহীনদের সাহায্য করে অথবা যাদের ঔষধ বা খাদ্য প্রয়োজন, তাদের সাহায্য করে। তারা যথেষ্ট সাহায্য করে। এখানে ভিন্ন ভিন্ন অনেক গ্রুপ আছে, কিছু বিদ্যালয়ের জন্য, কিছু শিশুদের জন্য বা গৃহহীন অথবা অভাবীদের জন্য অর্থ নিয়ে আসে। এটা সত্যিই অসাধারণ।”
তুরস্ক সীমান্তবর্তী জাখো আড়াই লাখ মানুষের এক জনপদ। বেশিরভাগই স্থানীয় ক্লাবের নিবেদিতপ্রাণ সমর্থক। গত মৌসুমে ক্লাবটি ইরাকের লিগের তৃতীয় হয়েছে এবং খেলেছে ইরাক কাপের ফাইনালে।
মাঠের বাইরে তাদের অবস্থা আরও ভালো। সেটাই তুলে ধরলেন ৩৩ বছর বয়সী ডিফেন্ডার ইব্রাহিম।
“শহরটি ছোট কিন্তু ভক্তদের হৃদয় অনেক বড়। এত ভালো মানুষ, সবসময়ই খেলোয়াড়দের এবং আমাদের প্রতিপক্ষদের শ্রদ্ধা করে।”
