১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিএসজিকে ট্রেবল জিতিয়ে বর্ষসেরা গোলরক্ষক দোন্নারুম্মা

ক্যারিয়ারে প্রথমবার এই পুরস্কার জিতলেন এই ইতালিয়ান ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 12:40 AM

Updated : 26 Aug 2026, 05:20 PM

ক্যারিয়ারে সেরা সময়টা পিএসজির হয়ে কাটিয়েছেন জানলুইজি দোন্নারুম্মা। গত মৌসুমে ক্লাবটির হয়ে জিতেছেন ট্রেবল। চ্যাম্পিয়ন্স লিগসহ গুরুত্বপূর্ণ তিন শিরোপা জয়ে অসামান্য অবদান রেখে এবারের ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এই ইতালিয়ান।

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ২০২৫ সালের পুরুষ ফুটবলের ‘দা বেস্ট’ গোলরক্ষক হিসেবে দোন্নারুম্মার নাম জানানো হয়েছে।

ক্যারিয়ারে প্রথমবার পুরস্কারটি জিতলেন এই ইতালিয়ান ফুটবলার।

ভোটাভুটিতে লিভারপুলের আলিসন, রেয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেস, বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার, আর্সেনালের দাভিদ রায়া, ইন্টার মিলানের ইয়ান সমের ও বার্সেলোনার ভয়চেখ স্ট্যান্সনিকে হারিয়ে সেরা হয়েছেন দোন্নারুম্মা।

গত মৌসুমে পিএসজির জার্সিতে মোট চারটি শিরোপা জয় করেন দোন্নারুম্মা। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিশ্চিতভাবেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সাফল্য, গত ৩১ মে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে গুঁড়িয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার ট্রফি উঁচিয়ে ধরেন তিনি।

পিএসজির ইতিহাসেও সেটা প্রথম ইউরোপ সেরার সাফল্য।

এছাড়া তিনি ওই মৌসুমে জয় করেন লিগ আঁ, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ।  

ইতালির হয়ে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী দোন্নারুম্মার সাফল্যে ভরা মৌসুম শেষেই অবশ্য ঠিকানা বদলে গেছে। পিএসজি ছেড়ে এখন তিনি খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে।

নারা ফুটবলে বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হ্যানা হ্যাম্পটন। গত উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের শিরোপা জয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। আসর জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছিলেন তিনি।

ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য

বছরের সুন্দরতম গোল মন্তিয়েলের

বর্ষসেরা কোচ এনরিকে ও ভিগমান

ব্যালন দ'র জয়ের পর ফিফার বর্ষসেরাও দেম্বেলে

অসুস্থ শিশুদের দিকে হাত বাড়িয়ে ফিফার পুরস্কার পেলেন জাখোর ভক্তরা

ভক্তের জীবন বাঁচানো চিকিৎসক পেলেন ফেয়ার প্লে পুরস্কার