১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আর্সেনালকে হারিয়ে শীর্ষে লিভারপুল

ম‍্যাচের শেষ দিকে চমৎকার ফ্রি কিকে ব‍্যবধান গড়ে দিয়েছেন দমিনিক সোবোসলাই।

আর্সেনালকে হারিয়ে শীর্ষে লিভারপুল
লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল লিভারপুল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 11:43 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

গত আসরের শীর্ষ দুই দলের মধ‍্যে লড়াই জমল না খুব একটা। খুব বেশি সুযোগ তৈরি করতে পারল না কোনো দলই। মনে হচ্ছিল শতভাগ জয় পাওয়া দুই দলের লড়াই শেষ হতে যাচ্ছে গোলশূন‍্য সমতায়। কিন্তু দারুণ এক ফ্রি কিকে ডেডলক ভাঙলেন দমিনিক সোবোসলাই। তার গোলে আর্সেনালকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ উঠল লিভারপুল।

ঘরের মাঠে রোববার ১-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। 

প্রায় ৫৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ৯টি শট নেয় লিভারপুল, এর তিনটি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে, আর্সেনাল ১১ শটের কেবল একটি রাখতে পারে লক্ষ‍্যে।

ম‍্যাচের শুরুতেই একটা বড় ধাক্কা খায় আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার উইলিয়াম সালিবা। 

অ‍্যানফিল্ডে শুরুতে লিভারপুলকে বেশ চেপে ধরে আর্সেনাল। বল দখলে সে সময় খুব একটা পিছিয়ে না থাকলেও সুযোগ তৈরি করতে ভুগছিল লিভারপুল।  

২২তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় আর্সেনাল। কর্নার থেকে ডি বক্সে বল পেয়ে পোস্ট ঘেঁষে শট নেন ননি মাদুয়েকে। তবে সামনে বেশ জটলা থাকলেও চমৎকার রিফ্লেক্সে ডান দিয়ে ঝাঁপিয়ে বিপদমুক্ত করেন লিভারপুল গোলরক্ষক আলিসন। 

১০ মিনিট পর বিপদে পড়তে বসেছিল আর্সেনাল। সতীর্থকে খুঁজতে গিয়ে গোলরক্ষক দাভিদ রায়া বল তুলে দেন প্রতিপক্ষ অধিনায়ক ভার্জিল ফন ডাইকের পায়ে। ডি বক্সের মাথা থেকে অভিজ্ঞ এই ডিফেন্ডার পাস দেওয়ার মতো কোনো সতীর্থকে পাননি। তার শট একজন ক্লিয়ার করার চেষ্টা করলে পেয়ে যান আলেক্সিস মাক আলিস্তের। আর্জেন্টাইন মিডফিল্ডারের শট স্লাইড করে ব্লক করেন ডেক্লান রাইস। 

একই ছন্দে শুরু হওয়া দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে জালে বল পাঠান লিভারপুলের উগো একিতিকে। কিন্তু আক্রমণের এক পর্যায়ে কোডি হাকপো অফসাইডে থাকায় মেলেনি গোল।  

৮৩তম মিনিটে দারুণ ফ্রি কিকে জাল খুঁজে নেন সোবোসলাই। ২৫ গজ দূর থেকে তার শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। ঝাঁপিয়েও নাগাল পাননি আর্সেনাল গোলরক্ষক রায়া। 

কার্টিস জোন্সকে আর্সেনালের মার্তিন সুবিমেন্দি ফাউল করায় ওই ফ্রি কিক পেয়েছিল লিভারপুল।     

বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

৩ ম‍্যাচে টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে এখন চূড়ায় শিরোপাধারী লিভারপুল। ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে চেলসি। 

৬ পয়েন্ট নিয়ে তিনে আছে গত তিন আসরের রানার্সআপ আর্সেনাল।