Published : 01 Nov 2025, 01:26 PM
মাত্রই নভেম্বর শুরু হচ্ছে, তবে এখনই জানুয়ারির ট্রান্সফার উইন্ডো নিয়ে ভাবছেন হুবেন অ্যামুরি। স্কোয়াডে বেশ কিছু সংযোজন-বিয়োজনের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। বিশেষ করে, যারা নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না, তারা ক্লাব ছাড়তে চাইতে পারেন বলে ধারণা তার।
নিয়মিত স্কোয়াডে জায়গা না পাওয়াদের তালিকায় আছে কবি মেইনু, জশয়া জার্কজির মতো নাম। খেলার পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় বিশ্বকাপের মৌসুমে বড় শঙ্কার মুখে আছেন দুজনই। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস দলে জায়গার দাবি জানানোর সুযোগই পাচ্ছেন না তারা।
মেইনু অবশ্য গ্রীষ্মকালীন দলবদলেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন গত অগাস্টে। কিন্তু তখন তাকে ছাড়েনি ইউনাইটেড। অ্যামুরি তখন বলেছিলেন, “আমি চাই কবি এই ক্লাবে থাকুক। জায়গার জন্য লড়তে হবে ওকে, আমাদের দলে ওকে প্রয়োজন।”
কিন্তু সেই প্রয়োজনের প্রতিফলন বাস্তবে পড়তে দেখা যায়নি। মেইনু বাইরেই বসে থাকছেন বেশির ভাগ সময়।
অ্যামুরি তাই ভালো করেই জানেন, জানুয়ারিতে আবার ক্লাব ছাড়ার অনুরোধ বা দাবি জানাবেন মেইনু-জার্কজিরা। সেই চ্যালেঞ্জ এখন ভাবাচ্ছে তাকে।
“অনেক কিছুই হতে পারে (জানুয়ারির উইন্ডোতে)। আমাদের ক্লাবেও হতে পারে এবং সামনে যেহেতু বিশ্বকাপ আছে, কিছু ফুটবলার খেলতে পারছে না…তারা অবশ্যই ক্লাব ছাড়তে চাইবে। সবকিছু সামলাতে হবে আমাকে।”
তবে চলে যেতে আগ্রহীদের সামলানো নয়, নতুন কাউকে আনা নিয়েও ভাবছেন অ্যামুরি। এক বছর আগে তিনি কোচের দায়িত্ব নেওয়ার পর দলবদলে এখনও পর্যন্ত প্রায় ২৫ কোটি পাউন্ড খরচ করেছে ইউনাইটেড। প্রত্যাশিত ফলাফল যদিও মেলেনি এখনও। তবে সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সে উন্নতির ছাপ ফুটে উঠছে।
শীতকালীন দলবদলে তাই শক্তি বাড়ানোর কথা ভাবতে পারে তারা। যদিও সাধারণত গ্রীষ্মকালিন দলবদলেই বরাবর বেশি আগ্রহী ইউনাইটেড। তবে এবার জানুয়ারিতে সক্রিয় হওয়াটা উড়িয়ে দিচ্ছেন না অ্যামুরি। সেক্ষেত্রে অবশ্য তিনি সাময়িক সমাধান হিসেবে কাউকে আনতে চান না। বরং তাদের ভাবনায় দীর্ঘমেয়াদের পরিকল্পনা।
“অবশ্যই আমরা আরও ফুটবলার আনতে চাই, এখানে আমরা যারা আছি, সবাই চাই এমন ফুটবলারদের আনতে, যাদের অনেক বড় ভবিষ্যৎ আছে। ডিসেম্বরে গিয়ে হুট করে মনে হলো যে, এই ধরনের ফুটবলার আমাদের প্রয়োজন… এমন কোনো ফুটবলারকে আমরা কিনতে চাই না… এমনটি কোনোভাবেই হবে না।”
“আমরা এমন ফুটবলারদের কিনতে চাই, যাদেরকে খুব বেশি বদলাতে হবে না। এটাই আমাদের ভাবনা। জানি না, শেষ পর্যন্ত কী হবে। তবে অবশ্যই আমরা ভাবব, কীভবে দলকে আরও উন্নত করতে পারি এবং জানুয়ারিতে উইন্ডো খুললে দেখব কিছু করা যায় কি না।”