Published : 14 May 2026, 01:27 PM
আগেই লিগ শিরোপা নিশ্চিত করা ইন্টার মিলানকে হাতছানি দিচ্ছিল ডাবলের কীর্তি। ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে হারিয়ে সেটিও পূরণ করে ফেলল তারা। অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ করতে পেরে গর্ব হচ্ছে দলটির অধিনায়ক লাউতারো মার্তিনেসের।
শিরোপার লড়াইয়ে বুধবার ২-০ গোলে লাৎসিওকে হারায় ইন্টার। প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান মার্তিনেস।
২০২৩ সালের পর ইতালিয়ান কাপ জয়ের স্বাদ পেল ইন্টার। সব মিলিয়ে এই প্রতিযোগিতার ট্রফি ঘরে তুলল দশমবার, যা দ্বিতীয় সর্বোচ্চ।
এই মাসের প্রথম সপ্তাহে পার্মাকে একই ব্যবধানে হারিয়ে, তিন রাউন্ড বাকি থাকতে সেরি আ চ্যাম্পিয়ন হয় ইন্টার।
ঘরোয়া ফুটবলের আরেকটি শিরোপা জয়ের পথে অবদান রাখতে পেরে বেশ ভালো লাগছে মার্তিনেসের। এভাবেই এগিয়ে যেতে চাওয়ার কথা ম্যাচ শেষে বললেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
“আমরা ভালো ফলাফল, পারফরম্যান্স ও তাড়না দেখেছি। তাই আরেকটি শিরোপা জিতে মৌসুম শেষ করতে পেরে গর্বিত, যা আমাদের কাছে অনেক বড় কিছু।”
“ইন্টারকে নিয়ে সব সময়ই কথা হয়, তবে গত কয়েক বছরে আমরা কী অর্জন করেছি সেটা দেখতে হবে। আমাদের স্রেফ নিজেদের পথ ধরে এগিয়ে যেতে হবে, এটা আমাদের আরেকটি শিরোপা।”
ডাবল জয়ের কীর্তি গড়তে পেরে খুশি ইন্টারের কোচ ক্রিস্তিয়ান কিভু।
“আমরা লিগ ও ইতালিয়ান কাপ জিতেছি, এটাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। আমরা খুবই খুশি।”