ভিয়ারিয়ালের বিপক্ষে দলের রক্ষণভাগের পারফরম্যান্সে অসন্তুষ্ট আর্সেনাল কোচ
৩৩ মিনিটে যেভাবে তারা দুই গোল হজম করে বসে, তাতে দলটির রক্ষণের দুর্বলতা পরিষ্কারভাবে ফুটে উঠেছে।
টানা তিনবার প্রিমিয়ার লিগে শিরোপা সম্ভাবনা জাগিয়েও খালি হাতে শেষ করার হতাশা এবার ঝেড়ে ফেলার দৃঢ় প্রত্যয়ে প্রস্তুতি শুরু করেছে আর্সেনাল। কিন্তু প্রাক-মৌসুমে টানা দুটি হারের পর স্কোয়াড নিয়ে হয়তো নতুন করে ভাবতে হবে দলটির কোচ মিকেল আর্তেতাকে। বিশেষ করে, সবশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে পরাজয়ের ম্যাচে দলের রক্ষণ একদমই সন্তুষ্ট করতে পারেনি তাকে।
নতুন মৌসুমের মূল অভিযানে নামার আগে প্রস্তুতিপর্বে শুরুটা বেশ ভালোই করে আর্সেনাল। প্রথম দুটি প্রীতি ম্যাচে তারা এসি মিলানকে ১-০ ও নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারায়।
এরপরই মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করে দলটি; টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-০ ব্যবধানে হারের পর বুধবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম ৩৩ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধে একটি গোল শোধ করতে পারলেও, শেষ পর্যন্ত ম্যাচটি তারা হেরে যায় ৩-২ গোলে।
প্রস্তুতিপর্বের এসব প্রীতি ম্যাচে জয়-পরাজয় আসলে তেমন কোনো গুরুত্ব বহন করে না। প্রতিযোগিতামূলক ফুটবলে নামার আগে দল গুছিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটাই ভাবাচ্ছে আর্তেতাকে। প্রকাশ্যেই দলের রক্ষণভাগের সমালোচনা করলেন এই স্প্যানিশ কোচ।
“আজ আমার কাছে এই ফল কষ্টদায়ক। আমার মতে, তারা (ভিয়ারিয়াল) মাঠে দারুণ কার্যকর ফুটবল খেলেছে। কিন্তু আমরা ছিলাম অনভিজ্ঞের মতো, বড্ড সাদামাটা, বিশেষ করে উন্মুক্ত জায়গাগুলোয় আমরা যেভাবে রক্ষণ সামলেছি এবং আমরা যেভাবে খেলেছি।”
“এই বিভাগে (রক্ষণে) আজ আমরা একদমই ভালো খেলিনি এবং সেটারই আমাদের মূল্য চুকাতে হয়েছে।”
প্রায় সাড়ে ছয় কোটি ইউরো ট্রান্সফার ফিতে গত মাসে আর্সেনালে যোগ দেওয়া ভিক্তর ইয়োকেরেশকে ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুর একাদশে নামান আর্তেতা। নতুন জার্সিতে প্রথমবার শুরু থেকে খেলতে নেমে অবশ গোল পাননি এই সুইডেনের স্ট্রাইকার, তবে তার পারফরম্যান্সে খুশি কোচ।
“আমার মতে, একটা ম্যাচের শুরুর একাদশে মাঠে নামা, এই অনুভূতিটা পাওয়া এবং দলের সবার সঙ্গে সংযোগটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।”
“আমাদের সঙ্গে সে কেবল এক সপ্তাহ বা একটু বেশি সময় ধরে আছে, তবে এই সময়েই আমি তার মধ্যে অনেক কিছু দেখেছি, দারুণ কিছু করার অভিপ্রায় লক্ষ্য করেছি, বিশেষ করে মাঠে বিশেষ জায়গাগুলোয় যেভাবে সে আক্রমণ শাণাচ্ছিল।”
আগামী শনিবার নিজেদের মাঠেই আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্সেনাল, আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।
