২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট হারিয়ে গেতাফের মাঠ আর রোদকে দায় দিলেন বার্সেলোনা কোচ

মাঠের অবস্থা ভালো ছিল না আর রোদে খেলে অভ্যস্ত নয় দল, গেতাফের সঙ্গে ড্রয়ের পর বললেন শাভি এর্নান্দেস।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 11:26 AM

Updated : 17 Apr 2023, 03:14 PM

মাঠের অবস্থা ভালো ছিল না। বল সেখানে থমকে গেছে বারবার। শুধু পায়ের নিচে নয়, প্রতিবন্ধকতা ছিল মাথার ওপরও। চকচকে রোদে খেলে অভ্যস্ত নয় দল! গেতাফের বিপক্ষে ড্রয়ের পর এসবকেই কারণ হিসেবে দাঁড় করালেন শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের অবশ্য দাবি, এসবের কোনোটিই অজুহাত নয়। 

লা লিগার ম্যাচে সোমবার গেতাফের মাঠে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। আগের ম্যাচে জিরোনার বিপক্ষেও তাদের ম্যাচের ফল ছিল একই। ২০০৫ সালের পর প্রথমবার লিগে এই অভিজ্ঞতা হলো তাদের।

ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল বার্সেলোনার দখলে। তবে খুব ধারাল আক্রমণ বা পরিষ্কার সুযোগ তেমন তৈরি করতে পারেনি তারা। গোটা ম্যাচে লক্ষ্যে শট নিতে পারে স্রেফ ৩টি। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে শাভি এর্নান্দেস বললেন, গেতাফের মাঠের অবস্থা ভালো ফুটবল খেলার উপযোগী ছিল না। 

“মাঠ আমাদেরকে পিছু টেনে ধরেছে। আমরা যদিও এমন কিছুর প্রত্যাশা করেছিলাম, আগের দিন অনুশীলন করেছিলাম শুষ্ক মাঠে। তবে এখানে খেলা কঠিন এবং দেখার জন্যও এটা খুব ভালো কিছু নয়। বল মাঠে থমকে গেছে বারবার, খুব একটা গতিময় ছিল না। এটা তো এমনকি গেতাফের জন্যও ভালো নয়।”

“মাঠ ভালো থাকতে হবে, এটা তো একটা মৌলিক ব্যাপার। তবে এটা কোনো অজুহাত নয় এবং আমাদেরকে দ্রুত পথে ফিরতে হবে। মাঠের অবস্থা যতটা অস্বস্তিকর ছিল, সেটা বিবেচনায় এক পয়েন্টও খারাপ নয়।” 

শুধু মাঠ নয়, বার্সেলোনা কোচের আপত্তি ম্যাচ শুরুর সময় নিয়েও। স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় শুরু হয়েছিল ম্যাচটি, রোদের তাপ যখন বেশ প্রবল। 

“আমরা রোদে খেলে অভ্যস্ত নই, সাধারণত রাতে ম্যাচ খেলি। তবে এটাকেও অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না, আমাদেরকে মানিয়ে নিতে হবে। কারণ, পরের রোববার আবার এই সময়েই খেলতে হবে আমাদের।” 

পরের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তিনে থাকা আতলেতিকো মাদ্রিদ।