২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ মাস নিষিদ্ধ ইউভেন্তুসের সাবেক সভাপতি

এক দশকের বেশি সময় ইউভেন্তুসের সভাপতির দায়িত্ব পালন করা আগনেল্লিকে ৬০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 10:39 PM

Updated : 10 Jul 2023, 10:39 PM

ইউভেন্তুসের খেলোয়াড়দের অর্থ প্রদানে অনিয়মের দায়ে শাস্তি পেয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি। তাকে ১৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ইতালির একটি ফুটবল আদালত। 

ইতালি ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে জানায়, ৪৭ বছর বয়সী আগনেল্লিকে ৬০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। 

২০২১ সালে আলোড়ন তোলা ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পের পেছনের মূল ব্যক্তিদের একজন ছিলেন তিনি। পরে ব্যর্থ হয়ে যায় এই প্রকল্প।

এক দশকের বেশি সময় ইউভেন্তুসের চেয়ারম্যান ছিলেন আগনেল্লি। ক্লাবের আর্থিক কেলেঙ্কারির কারণে গত বছরের নভেম্বরে পদত্যাগ করেন তিনি।

একই মামলার অংশ হিসেবে গত মে মাসে ৭ লাখ ১৮ হাজার ইউরো জরিমানা করা হয় ইউভেন্তুসকে। একই সঙ্গে গত মৌসুমে সেরি আয় তাদের ১০ পয়েন্ট কর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কোনো আপিল করতে পারবে না বলে জানানো হয়। মামলা নিয়ে ফেডারেশনের সঙ্গে তুরিনের ক্লাবটি একটি চুক্তিতে পৌঁছার পর এসব সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।