২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজেমা ফিট, জানালেন আনচেলত্তি

চেলসির বিপক্ষে সবশেষ ম্যাচে হালকা ব্যথা পেয়েছিলেন এই ফরাসি স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 07:46 PM

Updated : 21 Apr 2023, 07:46 PM

চেলসির বিপক্ষে সবশেষ ম্যাচে পুরোটা সময় করিম বেনজেমাকে খেলাননি কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার সময় অবশ্য রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে খুশি দেখা যায়নি। আনচেলত্তি জানালেন, ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যাওয়ায় এবং ফরাসি স্ট্রাইকার হালকা ব্যথা পাওয়া তাকে তুলে নেওয়া হয়েছিল।

ফরাসি ফরোয়ার্ডের চোট নিয়ে দুর্ভাবনা কেটে গেছে বলেও জানিয়েছেন আনচেলত্তি।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ২-০ গোলে জিতে আগেই সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখে রিয়াল। দ্বিতীয় লেগে রদ্রিগো ৫৮তম মিনিটে গোল এনে দেওয়ায় ম্যাচের ভাগ্য রিয়ালের দিকে ঝুঁকে পড়ে অনেকটাই।

তাই ৭১তম মিনিটে বেনজেমাকে তুলে নেন আনচেলত্তি। এর ৯ মিনিট পর রদ্রিগো আবারও জালের দেখা পেলে নিশ্চিত হয়ে যায় রিয়ালের সেরা আটে ওঠা। তবে মাঠ ছাড়ার সময় বেনজেমা সন্তুষ্ট ছিলেন না মোটেও।

আনচেলত্তি জানালেন, ফরাসি তারকার সঙ্গে ম্যাচ শেষে ওই বিষয় নিয়ে কথা বলেছিলেন। মৌসুমের বাকি সময়ের ভাবনা মাথায় রেখে তাকে বিশ্রাম দিতে চেয়েছিলেন তিনি।

“ম্যাচের ফলাফল নিয়ে অনিশ্চয়তা যদি কেটে যায়, তখন আর তার খেলার কোনো মানে নেই এবং চেলসির বিপক্ষে ম্যাচে তার হালকা সমস্যাও হয়েছিল, তাই তাকে তুলে নিয়েছিলাম।”

“এ নিয়ে বেনজেমার সঙ্গে কথা বলেছি আমি এবং সে বিষয়টা পুরোপুরি বুঝেছে।”

শনিবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে খেলবে রিয়াল। মাদ্রিদের দলটির চাওয়া থাকবে পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনা। এ মুহূর্তে ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।