২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির বিপক্ষে ১৯৯২-এর সুখস্মৃতি ফেরানোর লক্ষ্য ডেনমার্কের

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা গল্পের স্মৃতিতেই অনুপ্রেরণা খুঁজছে কাসপের হিউমান্দের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 09:35 AM

Updated : 26 Aug 2026, 09:52 AM

ইউরোতে ডেনমার্কের সেরা গল্পটি লেখা জার্মানির বিপক্ষেই। ১৯৯২ সালে তাদের হারিয়েই প্রথম এবং সবশেষ এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল তারা। এবারের শেষ ষোলোর লড়াই সামনে রেখে ৩২ বছর আগের স্মৃতির মধ্যে অনুপ্রেরণা খুঁজছে ডেনিসরা।

ডর্টমুন্ডে আগামী শনিবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্বের বৈতরণী পেরোলেও ডেনমার্ক আসরে এখনও পায়নি জয়ের স্বাদ। তিন ম্যাচের সবগুলো ড্র করে ‘সি’ গ্রুপের রানার্সআপ হয় তারা।

নকআউট পর্বে জয় ছাড়া কোনো পথ খোলা নেই কারো সামনে। ‘এ’ গ্রুপের সেরা জার্মানির বিপক্ষে তাই দলকে অনুপ্রাণিত করতে ডেনমার্ক কোচ কাসপের হিউমান্দ শোনাচ্ছেন ১৯৯২ সালের গল্প; গোথেনবার্গের যে ফাইনালে ২-০ গোলে সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে প্রথম বড় শিরোপার অনির্বচনীয় স্বাদ পেয়েছিল ডেনিশরা।

এবারের ইউরোয় স্বাগতিক জার্মানির প্রতি অবশ্য সমীহের কমতি নেই হিউমান্দের। তবে সংবাদ সম্মেলনে ডেনমার্ক কোচ কথা বলেছেন দৃঢ় আত্মবিশ্বাস নিয়েই।

“যাদের মুখোমুখি হতে যাচ্ছি, তারা শক্তিশালী দল এবং লড়াইটা কিছুটা বড় দেশের বিপক্ষে ছোট দেশের মতো। কিন্তু আমরা লড়তে নামব এবং আশা করি ১৯৯২-তে যা করেছিলাম, সেই একই কাজ করতে পারব।”

“৯২-এর স্মৃতি মনে আছে আমার। তখন আমি ১২ বছরের কিশোর, সেটা ছিল ডেনিশ ফুটবলের বড় মুহূর্তের একটি এবং আমি মনে করি, সেটা ছিল চমৎকার একটা স্মৃতি। যদি আবারও তা করতে পারি, অসাধরণ হবে।”

গত ইউরোতে সেমি-ফাইনালে উঠেছিল ডেনমার্ক, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে হেরে বিদায় নিয়েছিল তারা।

সবশেষ ২০২১ সালে প্রীতি ম্যাচে জার্মানির মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। ১-১ ড্র হয়েছিল ম্যাচটি।