০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কোচবিহীন দলের বিপক্ষে কক্ষচ্যূত পিএসজি

লিগে তৃতীয় হারের পর আবার শীর্ষস্থান থেকে নেমে যেতে পারে শিরোপাধারীরা।

কোচবিহীন দলের বিপক্ষে কক্ষচ্যূত পিএসজি
উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 03:12 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

টানা ব্যর্থতা এবং কয়েকদিন আগে প্রধান কোচকে হারানোর ধাক্কা দারুণভাবে সামলে উঠল স্তাদ রেন। উপহার দিল দারুণ পারফরম্যান্স। আর তাদের সামনে পথ হারিয়ে ফেলল পিএসজি।

লিগ আঁয় টানা সাত জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমে শুক্রবার ৩-১ গোলে হেরে গেছে লুইস এনরিকের দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হারের দায়ে, গত রোববার কোচ হাবিব বেকে ছাঁটাই করে স্তাদ রেন। ফলে প্রধান কোচ ছাড়াই এদিন খেলতে নামে তারা, তবে তাদের পারফরম্যান্সে এর কোনো প্রভাব ছিল না।

ম্যাচের ৩৪তম মিনিটে মুসা আল-তামারির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৯তম মিনিটে এস্তেবান ব্যবধান দ্বিগুণ করলে পিএসজির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কঠিন হয়ে পড়ে।

দুই গোলে পিছিয়ে পড়ার দুই মিনিট পরেই অবশ্য কাছ থেকে হেড করে ব্যবধান কমান উসমান দেম্বেলে। তবে ৮১তম মিনিটে ব্রিল এম্বোলোর গোলের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শিরোপাধারীরা।

ম্যাচের পর খারাপ খেলার দায় নিয়ে, প্রতিপক্ষকে অভিনন্দন জানালেন পিএসজির ফরাসি তারকা দেম্বেলে।

“আমরা ম্যাচের শুরুটা খারাপ করেছি, কিন্তু রেন খুব ভালো খেলেছে।”

“মাঠে আমাদেরকে আরও তাড়না নিয়ে খেলতে হতো। পিএসজিকে জেতানোর জন্য আমাদের খেলতে হতো, কারণ আমরা দলগত ফুটবল না খেললে লক্ষ্য পূরণ হবে না, এভাবে আমরা শিরোপা জিততে পারব না।”

আসরে তৃতীয় হারের পর আবার শীর্ষস্থান থেকে নেমে যেতে পারে পিএসজি। 

২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত অবশ্য টেবিলের চূড়ায়ই আছে পিএসজি। তবে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লঁস শনিবার প্যারিস এফসির মাঠে জিতলেই শীর্ষে উঠবে।

আর এই অসাধারণ জয়ের পর, ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রেন।