১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এদেরসনকে ছেড়ে দিয়ে দোন্নারুম্মাকে নিল ম্যানচেস্টার সিটি

পিএসজি থেকে তিন কোটি পাউন্ডে তাকে কিনছে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।

এদেরসনকে ছেড়ে দিয়ে দোন্নারুম্মাকে নিল ম্যানচেস্টার সিটি
জানলুইজি দোন্নারুম্মা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

চার বছরে পিএসজির পোস্টে প্রথম পছন্দ ছিলেন জানলুইজি দোন্নারুম্মা। ক্লাবটির অনেক সাফল্যের নায়ক তিনি। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে সবকিছু বদলে যায়, তার ওপর থেকে কোচ লুইস এনরিকের আস্থা উঠে যায়। দলে জায়গাও হারান তিনি। এরপর তার ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। সেটাই এবার আনুষ্ঠানিক রূপ পেল।    

ম্যানচেস্টার সিটি মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দোন্নারুম্মার যোগ দেওয়ার খবরটি জানিয়েছে। তার সঙ্গে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের চুক্তির মেয়াদ পাঁচ বছরের। 

তার ট্রান্সফার ফির বিষয়ে কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, দোন্নারুম্মাকে কিনতে তিন কোটি পাউন্ডে খরচ হয়েছে সিটির। 

২০২১ সালে ইতালির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে অসাধারণ অবদান রেখে তারকা হয়ে ওঠেন দোন্নারুম্মা। এরপরই এসি মিলান ছেড়ে পিএসজিতে পাড়ি জমান তিনি। 

প্যারিসের ক্লাবটিতে সাফল্যে ভরা সময় কাটে তার। প্রথম তিন মৌসুমেই ফরাসি সব টুর্নামেন্টের শিরোপার স্বাদ একাধিকবার পেয়ে যান তিনি। বাকি ছিল কেবল চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছুঁয়ে দেখার। সেটাও পূরণ হয়ে যায় গত মৌসুমে। কিন্তু এরপর আস্থা হারিয়ে ফেলেন কোচের, সেই কারণে এবার ঠিকানা বদলে গেল তার।

পিএসজিতে চার মৌসুমে প্রতিবারই লিগ আঁর শিরোপা জিতেছেন দোন্নারুম্মা। সঙ্গে একটি চ্যাম্পিয়ন্স লিগসহ দলটির হয়ে জিতেছেন আরও অনেক শিরোপা।

সিটিতে দোন্নারুম্মা আসার আগেই এখান থেকে বিদায় নিয়েছেন ক্লাবটির এতদিনের প্রথম পছন্দের গোলরক্ষক এদেরসন। ৩২ বছর বয়সী এই গোলরক্ষক যোগ দিয়েছেন তুরস্কের ফেনারবাচেতে।

গ্রীষ্মের দলবদলের শুরুতে বার্নলি থেকে দুই কোটি ৭০ লাখ পাউন্ডে জেমস ট্রাফোর্ডকে দলে নেয় সিটি। তবে সম্প্রতি প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি। তার ভুলেই সেদিন দ্বিতীয় গোলটি হজম করে সিটি।