১৬ বছর পর ভার্ডার ব্রেমেনের কাছে বায়ার্নের হার
বুন্ডেসলিগায় ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের টানা ৬৫ ম্যাচে গোল করার রেকর্ড যাত্রাও থেমে গেল।
ম্যাচজুড়ে আক্রমণের ঢেউ তুলে গোলের জন্য একের পর এক শট নিল বায়ার্ন মিউনিখ। কিন্তু তাদের বেশিরভাগ শট হলো লক্ষ্যভ্রষ্ট, কোনোটি আবার ঠেকিয়ে দিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। মিচেল ভাইজারের চমৎকার গোলে আলিয়াঞ্জ অ্যারেনা থেকে স্মরণীয় এক জয় নিয়ে ফিরল ভার্ডার ব্রেমেন।
বুন্ডেসলিগায় রোববার বায়ার্নকে তাদের মাঠেই ১-০ গোলে হারায় ব্রেমেন। ৫৯তম মিনিটে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে প্রতিপক্ষের কয়েক খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরাল শটে গোলটি করেন বায়ার্নের সাবেক ডিফেন্ডার ভাইজার।
২০০৮ সালের পর এই প্রথম ব্রেমেনের বিপক্ষে হারল বায়ার্ন। মাঝে টানা ৩২ ম্যাচে অপরাজিত ছিল মিউনিখের দলটি। এর মধ্যে তারা জিতেছিল ২৮টি।
বুন্ডেসলিগায় ঘরের মাঠে বায়ার্নের টানা ৬৫ ম্যাচে গোল করার রেকর্ড যাত্রাও থেমে গেল। এর আগে সবশেষ তারা ঘরের মাঠে লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে, লাইপজিগের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
আগের দিন লাইপজিগকে হারিয়ে লিগ টেবিলে বায়ার্নের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে যায় বায়ার লেভারকুজেন। টমাস টুখেলের দলের সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। উল্টো আসরে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল তারা।
ম্যাচে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য বায়ার্ন শট নেয় মোট ২২টি, যার ৭টি ছিল লক্ষ্যে। আর ব্রেমেনের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল, তাতেই বাজিমাত করল দলটি।
১৭ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে লেভারকুজেনের ৪৮ পয়েন্ট।
১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ব্রেমেন।
