২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির বিপক্ষে ভোগান্তির জন্য প্রস্তুত বার্সেলোনা

নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নেওয়ার আশায় আছেন শাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 08:56 PM

Updated : 15 Apr 2024, 08:56 PM

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে আছে বার্সেলোনা। কিন্তু পিএসজি যে সহজে হাল ছাড়বে না, ভালো করেই জানেন শাভি এর্নান্দেস। আসছে লড়াই ঘরের মাঠে হলেও ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে ভুগতে হবে ধরেই নিয়েছেন কাতালান ক্লাবটির কোচ। তাই যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি। 

ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে পিএসজির মাঠ থেকে ৩-২ গোলে জিতে এসেছে বার্সেলোনা। কাম্প নউয়ে মঙ্গলবার শেষ আটের দ্বিতীয় লেগে ফরাসি ক্লাবটির মুখোমুখি হবে লা লিগার শিরোপাধারীরা। মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

পরের ধাপে যেতে তাদের সামনে যে কঠিন বাধা অপেক্ষা করছে ভালোই জানা শাভির। তাই আসছে ম্যাচে কোনো ধরনের ভুল করতে নারাজ বার্সেলোনা কোচ। নিখুঁত ফুটবল খেলে আরেকটি জয়ে পাঁচ বছরে প্রথমবারের মতো শেষ চারে ওঠার লক্ষ্য তার।

“ফুটবলের বড় ধরনের লড়াই হতে যাচ্ছে। পিএসজির কাছ থেকে বল ছিনিয়ে নিতে চাইব এবং ম্যাচটি জেতার চেষ্টা করব। আশা করি, নিজেদের সেরাটা দিতে পারব।” 

চার বছরে প্রথমবার নকআউট পর্বে জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচে জেতা দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গত জানুয়ারিতে লিগ ম্যাচে ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-৩ গোলে হারের পর অপরাজিত তারা। 

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৩ ম্যাচে না হারা বার্সেলোনা প্যারিসে জিতে থামিয়ে দিয়েছে পিএসজির ২৭ ম্যাচের অজেয় পথচলা। সেই প্রতিশোধ নিতে যে মরিয়া থাকবেন কিলিয়ান এমবাপেরা, বুঝতে পারছেন শাভি। সে জন্য নিজেদের প্রস্তুত রাখতে চান স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডার। 

“যে অবস্থায় আছি, সেটা নিয়ে আমরা খুশি ও গর্বিত। আমার মনে হচ্ছে, দারুণ কিছু মুহূর্ত পেতে যাচ্ছি এবং আমি রোমাঞ্চিত। সেটা এরই মধ্যে উপলব্ধি করতে পারছি। আমাদের আবেগ ও মেজাজকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা বাঁচা-মরার ম্যাচ। বলের নিয়ন্ত্রণ নিতে চাই আমরা। দলের সেরা দিক ও রূপ দেখাতে চাই।” 

“আমাদের সমর্থকদের আরও বেশি সমর্থন করতে হবে কারণ পিএসজি আমাদের ভোগাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের হারাতে আমাদের একটি দল হতে হবে। সবাইকে একসঙ্গে হতে হবে।”