লিভারপুলে নতুন চুক্তির প্রস্তাব না পেয়ে হতাশ সালাহ
শেষ পর্যন্ত ক্লাবের দিকে তাকিয়ে থাকার কথা বললেন মিশরীয় ফরোয়ার্ড।
লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর চুক্তির মেয়াদ আছে আর সাত মাস। লম্বা সময় ধরে অ্যানফিল্ডে থাকা এই তারকাকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাব। এতে ভীষণ হতাশ মিশরীয় ফরোয়ার্ড।
এই মৌসুমে লিভারপুলের সর্বোচ্চ স্কোরার সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল। চলতি মৌসুম পর্যন্তই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে চুক্তি আছে ৩২ বছর বয়সী এই ফুটবলারের।
লিগে রোববার সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি করেন জোড়া গোল। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া তারকা ওই ম্যাচ শেষে কিছুটা অভিমানের সুরেই বলেন, “আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি এবং এখনও ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি। আমার এখানে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।”
চুক্তির প্রস্তাব না পেয়ে হতাশ কি-না, জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই, হ্যাঁ।”
“আমি শিগগিরই অবসর নিচ্ছি না, আমি শুধু খেলছি, মৌসুমের দিকে মনোযোগ দিচ্ছি এবং প্রিমিয়ার লিগ জেতার চেষ্টা করছি, আশা করি চ্যাম্পিয়ন্স লিগও। আমি হতাশ, কিন্তু দেখা যাক কী হয়।”
সালাহর বক্তব্য নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি লিভারপুল।
এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সালাহর (১০) চেয়ে বেশি গোল করেছেন কেবল ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড (১২)। ২০২২ সালে লিভারপুলের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ বাড়ান তিনি।
“আমি অনেক বছর ধরে এই ক্লাবে আছি। এই ক্লাবের মতো কোনো ক্লাব নেই। আমি এখানে ভক্তদের ভালোবাসি। সমর্থকরাও আমাকে ভালোবাসে। তবে, শেষ পর্যন্ত বিষয়টি (চুক্তি) আমার বা ভক্তদের হাতে নেই। অপেক্ষা করে দেখি।”
