Published : 26 Aug 2026, 03:36 PM
অন্য দুটি ক্লাব ঘুরে আবার লাইপজিগে যোগ দিলেন ক্রিস্তোফা এনকুনকু। ফরাসি এই ফরোয়ার্ডকে এবার এসি মিলান থেকে ধারের চুক্তিতে দলে টানল জার্মান ক্লাবটি।
চুক্তির শর্তে ২৮ বছর বয়সী এই ফুটবলারকে আগামী বছর কিনে নেওয়ার সুযোগও আছে লাইপজিগের।
এর আগে ২০১৯-২৩ পর্যন্ত লাইপজিগে খেলে ৭০টি গোল করেন এনকুনকু। সেই সময়ে দলটির হয়ে দুটি জার্মান কাপ জয় করেন তিনি এবং ২০২২-২৩ মৌসুমে বুন্ডেসলিগায় যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন তিনি।
পিএসজিতে পেশাদার ক্যারিয়ার শুরু করা এনকুনকু ২০২৩ সালে লাইপজিগ থেকে চেলসিতে যোগ দেন। স্ট্যামফোর্ড ব্রিজে চোটের ছোবলে যদিও তার সময়টা আশানুরূপ কাটেনি; তবে দলটির হয়ে কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি।
সেখান থেকে এনকুনকু গত বছর যোগ দেন এসি মিলানে এবং ২০২৫-২৬ মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে ৩৫ ম্যাচ খেলে করেন আটটি গোল।
ফ্রান্স জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ খেলেছেন এনকুনকু।