১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদ ম‍্যাচে ভক্তদের আচরণের জন‍্য বেনফিকার শাস্তি

পর্তুগালের ক্লাবটিকে ৪০ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 04:05 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদের বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচে সমর্থকদের ‘বর্ণবাদী এবং/অথবা বৈষম‍্যমূলক আচরণের’ দায়ে বেনফিকাকে ৪০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

গত মাসে শেষ ষোলোর প্লে-অফে রেয়ালের মুখোমুখি হয় বেনফিকা। ঘরের মাঠের ঘটনাবহুল সেই ম‍্যাচের জন‍্য দলটির শাস্তি শেষ নয় এখানেই। খেলা চলাকালীন মাঠে নানা কিছু ছুঁড়ে দেওয়ায় ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। লেজার পয়েন্টার ব‍্যবহার করায় দিতে হবে আরও ৮ হাজার ইউরো জরিমানা। অখেলোয়াড়সুলভ আচরণের জন‍্য সহকারী কোচ পেদ্রো মাচাদোকে এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ করা হয়েছে। 

এক বছরের জন‍্য স্থগিত রেখে একটি শাস্তির আদেশও এসেছে বুধবার। ঘরের মাঠে এক ম‍্যাচের জন‍্য বেনফিকার স্টেডিয়ামের একাংশ খালি রাখতে হবে। 

গত ১৭ ফেব্রুয়ারি প্রথম লেগে ১-০ গোলে হারে বেনফিকা। ম‍্যাচে ব‍্যবধান গড়ে দেওয়া রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র দাবি করেন, স্বাগতিক মিডফিল্ডার জানলুকা প্রেস্তিয়ান্নি তাকে লক্ষ‍্য করে বর্ণবাদী মন্তব‍্য করেছেন। তবে আর্জেন্টাইন তরুণ এবং ক্লাব ওই অভিযোগ অস্বীকার করেছে। 

উয়েফা ওই ঘটনার তদন্ত করছে এবং সাময়িকভাবে প্রেস্তিয়ান্নিকে এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ করে। তাই রেয়ালের বিপক্ষে ফিরতি লেগে খেলতে পারেননি তিনি। ওই ম‍্যাচেও ২-১ ব‍্যবধানে জয় পায় আলভারো আরবেলোয়া। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোর জায়গা নিশ্চিত করে রেয়াল।