১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লিভারপুলে এসে বাহকোলা বললেন, ‘প্রিমিয়ার লিগ জিততে চাই’

দল বদলে অনেক সময় লাগলেও, অবশেষে সবকিছু চূড়ান্ত হওয়ায় খুশি ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।

লিভারপুলে এসে বাহকোলা বললেন, ‘প্রিমিয়ার লিগ জিততে চাই’
বাহডলে বাহকোলা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 08:26 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

দুই দিন আগেই বেশ জোরেশোরে বাহডলে বাহকোলার লিভারপুলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে খবর দেয় ব্রিটিশ গণমাধ্যম। এবার মিলল পাকা খবর। পিএসজি থেকে এই ফরাসি ফরোয়ার্ডকে চুক্তিভুক্ত করল ইংলিশ ক্লাবটি।

লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে বাহকোলা। চুক্তির আর্থিক বিষয় নিয়ে কোনো ক্লাবের পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।

বিবিসির খবর, প্রাথমিকভাবে প্রিমিয়ার লিগের ক্লাবটির খরচ ১০ কোটি ৬০ লাখ পাউন্ড। এর সঙ্গে যুক্ত হতে পারে আরও ১ কোটি ৭০ লাখ পাউন্ড।

বাহকোলার এই দল বদলের বিষয়ে অবশ্য অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। তিনি নিজেও চাচ্ছিলেন এমনটা। অবশেষে সবকিছু চূড়ান্ত হওয়ায় খুশি ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।

“(সবকিছু চূড়ান্ত হতে) অনেক সময় লাগল, কিন্তু লিভারপুলের হয়ে খেলতে পারব আর এতে আজ আমি খুব খুশি। এখন আমি কেবল মাঠে নামতে ও খেলতে চাই। 

“এখানে আমি অনেক বড় কিছু অর্জন করতে চাই। প্রথমত, প্রিমিয়ার লিগ জিততে চাই-এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এটা করতে এবং অনেক দিন এই দলে থাকার জন্যই আমি দীর্ঘমেয়াদী চুক্তি করেছি এবং আশা করি, আমি এটা পারব।  ”

পিএসজির হয়ে দারুণ তিনটি বছর কাটিয়েছেন বাহকোলা; টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও টানা তিনটি লিগ আঁসহ জিতেছেন অনেক শিরোপা। গত মৌসুমে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচ খেলে ১৩টি গোল ও সাতটি অ্যাসিস্ট করেন তিনি।

এবারের বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাহকোলা। দলের আট ম্যাচের সবগুলোয় খেলেন তিনি।

জাতীয় দলের হয়ে মোট ২৮ ম্যাচ খেলে ছয়টি গোল করা এই তারকা লিভারপুলে ২৯ নম্বর জার্সি পরবেন।

তার আগে এবারের গ্রীষ্মের দলবদলে অ্যানফিল্ডে আরও চারজন নতুন খেলোয়াড় যোগ দিয়েছেন-  উইঙ্গার ভিক্তর মুনোস ও তিন ডিফেন্ডার জেরেমি জেকে, রোনাল্দ আরাউহো ও ইফানি এনডুকওয়ে।

নতুন মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি লিভারপুল। প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলে অনেকটা একইভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র করে তারা।