১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

পাঁচ ম্যাচ বাকি থাকতে রেয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 06:28 AM

Updated : 26 Aug 2026, 03:29 PM

রেয়াল মাদ্রিদের হোঁচটে পাওয়া সুযোগ কাজে লাগাল বার্সেলোনা। শিরোপা ধরে রাখার পথে এগিয়ে গেল আরও। গেতাফেকে হারিয়ে টেবিলে দ্বিতীয় স্থানের সঙ্গে বাড়াল ব্যবধান।  

লা লিগায় শনিবার ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে ফের্মিন লোপেস বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন মার্কাস র‍্যাশফোর্ড।  

৩৩ ম্যাচে ২৮ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৮৫। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল।

চোটের জন‍্য লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার অনুপস্থিতিতে আক্রমণে শক্তি বেশ কমেছে বার্সেলোনার। খেলায় এর স্পষ্ট ছাপও দেখা গেছে। 

প্রথমার্ধে ৭৮ শতাংশ সময় বল দখলে রাখলেও গোলের খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। বিরতির একটু আগে প্রথম কোনো শট লক্ষ‍্যে রাখতে পারে, সেটিই জড়ায় জালে।   

প্রথম ভালো সুযোগ পায় বার্সেলোনা। চতুর্থ মিনিটে পেদ্রির ক্রসে হেড একটুর জন‍্য লক্ষ‍্যে রাখতে পারেননি রবের্ত লেভানদোভস্কি। 

আট মিনিট পর একটুর জন‍্য বেঁচে যায় বার্সেলোনা। মাউরো আরামবারির হেড জুল কুন্দের মাথার পেছনে লেগে কর্নার হয়ে যায়। ক্রস ঠেকানোর জন‍্য ছুটে আসছিলেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। কুন্দের মাথায় লেগে বল দিক না পাল্টালে বিপদে পড়তে পারত গতবারের চ‍্যাম্পিয়নরা। 

৩৬তম মিনিটে রুনি বার্দগির গতিময় শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।

৪৫তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন ফের্মিন লোপেস। মাঝমাঠে দুর্দান্ত ট‍্যাকলে বল পুনরুদ্ধার করেন পাউ কুবার্সি। পেদ্রির রক্ষণচেরা পাস পেয়ে বাকিটা সারেন লোপেস। কিছুটা এগিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তিনি।   

দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিগুণ হতে পারত ব‍্যবধান। ৫৩তম মিনিটে বিপজ্জনক জায়গায় দানি ওলমোর শট চমৎকার রিফ্লেক্সে ঠেকিয়ে দেন গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। 

৬৪তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের ফ্রি কিকে জেরার্দ মার্তিনের হেড কোনোমতে ঠেকিয়ে ব‍্যবধান বাড়তে দেননি সোরিয়া। 

নয় মিনিট পর গেতাফের বিপজ্জনক একটি ক্রস কোনোমতে ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে বার্সেলোনাকে নিশ্চিত গোল হজম থেকে বাঁচিয়ে দেন কুবার্সি। 

৭৪তম মিনিটে চমৎকার পাল্টা আক্রমণে ব‍্যবধান দ্বিগুণ করেন র‍্যাশফোর্ড। লেভানদোভস্কির বাড়ানো বল ধরে অনেকটা এগিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে জাল খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড। 

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব‍্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মার্ক কাসাদো। খুব কাছ থেকেও শট লক্ষ‍্যে রাখতে পারেননি এই তরুণ মিডফিল্ডার।