আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
Published : 26 Mar 2026, 08:21 PM
অষ্টম মিনিটে গোল হজমের পর সময় যত গড়াল, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের ব্যবধান প্রকট হতে থাকল। আক্রমণভাগে ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিমরা থাকলেন বিবর্ণ হয়ে। সাদউদ্দিন, কাজী তারিক রায়হানরাও পারলেন না রক্ষণে আলো ছড়াতে। সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের কাছে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ।
হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। তিনটি গোলই হাভিয়ের কাবরেরার দল হজম করে প্রথমার্ধে।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শাণিয়ে নিতে ভিয়েতনামের মুখোমুখি হয় বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম ব্যবধান বুঝিয়ে দিল।
হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহামিদুল, তারিক ও জায়ান- পাঁচ প্রবাসীকে রেখে সেরা একাদশ সাজান কাবরেরা। পোস্টে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার বদলে দায়িত্ব দেন মেহেদী হাসান শ্রাবণের কাঁধে। জামাল ভূঁইয়ার জায়গা বেঞ্চে হওয়ায় অধিনায়কের আর্মব্যান্ড ওঠে সোহেল রানা সিনিয়রের বাহুতে।
পঞ্চম মিনিটে তারিক ভুল পাসে প্রতিপক্ষের পায়ে বল তুলে দিয়েছিলেন। তবে রক্ষণের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। তিন মিনিট পরই পিছিয়ে পড়ে দল। কর্নার ক্লিয়ার করতে বেরিয়ে লাফিয়েও বলের নাগাল পাননি শ্রাবণ। ফাম তুয়ান হাই শট নেওয়ার পর বল জায়ান আহমেদের পায়ে লেগে জালে জড়ায়।
ষোড়শ মিনিটে অনেকটা লাফিয়ে আঙুলের টোকায় কর্নার করে দেন শ্রাবণ। একটু পর এনগুয়ান হোয়াং ডাকের বক্সের একটু উপর থেকে নেওয়া বুলেট গতির ভলি দারুণ ক্ষিপ্রতায় আটকান তিনি। তবে অষ্টাদশ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে নেয় ভিয়েতনাম। সতীর্থের ফ্রি কিকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন ফাম হুয়ান মান।
২০তম মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখে বাংলাদেশ। বক্সের খানিকটা বাইরে থেকে ফাহিমের শট ঝাঁপিয়ে ফিস্ট করে ফেরান ভিয়েতনাম গোলকিপার। ম্যাচে বাংলাদেশের মুহূর্ত বলতে এতটুকুই।
পাঁচ মিনিট পর আবারও বাংলাদেশের বক্সে ঢুকে পড়ে ভিয়েতনাম। ডান দিক থেকে হেড জায়ানকে ফাঁকি দেওয়ার পর শাকিল আহাদ তপুকে কাটিয়ে কাটব্যাক করেন হাই লং; বক্সে বলের নিয়ন্ত্রণ নিয়ে দেখেশুনে হোয়াং হেনের নেওয়া শট পোস্টের অল্প বাইরে দিয়ে যায়। একটু পরই পাল্টা আক্রমণে সোহেল রানার শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।
৩২তম মিনিটে গোছালো আক্রমণে ওঠে ভিয়েতনাম। দুই সতীর্থের পা হয়ে বক্সে বল পেয়ে যান হাই লং, তার কোণাকুণি শট আটকান শ্রাবণ। প্রথমার্ধের শেষ দিকে হাই লংয়ের কোনাকুণি শট ঝাঁপিয়েও নাগাল পাননি শ্রাবণ। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিয়েতনাম।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেয়ে বলের নিয়ন্ত্রণ রাখতে মনোযোগী হয় ভিয়েতনাম। পাঁচটি বদল এনেও ঘুরে দাঁড়ানোর মতো কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশের।
৭৭তম মিনিটে ভ্যান খ্যাংয়ের আড়াআড়ি ক্রসে কাও পেন্দান্ত পা ছোঁয়াতে ব্যর্থ হলে ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি ভিয়েতনাম। ৮৭তম মিনিটে স্বাগতিকদের একটি প্রচেষ্টা পোস্ট কাঁপিয়ে ফিরলে এ অর্ধে আর কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে।
আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ। বাছাই পেরুনোর আশা আগেই শেষ হয়ে গেছে দলের। পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে আছে তৃতীয় স্থানে।