Published : 02 Sep 2025, 06:53 PM
ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাস ঘাটলে ডাচ খেলোয়াড়দের ঠিকানা হিসেবে বার্সেলোনা ও এসি মিলানের নামটাই বেশি করে সামনে আসে। তবে সময় বদলেছে। বর্তমানে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও নেদারল্যান্ডসের ফুটবলারদের গন্তব্য হয়ে উঠেছে।
বিশ্বকাপ বাছাইয়ের আসছে সপ্তাহের দুটি ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কুমান, তার অধিকাংশের বর্তমান ঠিকানাই যেমন ইংলিশ ফুটবলের শীর্ষ লিগ।
‘টোটাল ফুটবল’-এর দর্শন যার মস্তিষ্কে জন্ম, সেই কিংবদন্তি ডাচ কোচ রিনুস মিকেলস বার্সেলোনাতেও ভীষণ আলোচিত ও চর্চিত এই ফুটবল-কৌশল নিয়ে যান। এর সঙ্গে জড়িয়ে আছে আরেক কিংবদন্তি ইয়োহান ক্রুইফ, অনেকের চোখে তিনিই টোটাল ফুটবলের জনক, কাতালান ক্লাবটির পরিপূরক হয়ে উঠেছিলেন যিনি।
আর এসি মিলানের বিখ্যাত ডাচ ত্রয়ী ছিলেন রুদ খুলিত, ফ্রাঙ্ক রাইকার্ড ও মার্কো ফন বাস্তেন। তাদের হাত ধরে গত শতাব্দীর ৮০’র দশকের শেষদিকে এবং ৯০’র দশকের শুরুর দিকে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সারিতে উঠে এসেছিল ইতালিয়ান ক্লাবটি।
তবে সময়ের পরিক্রমায় ডাচ ফুটবলের শীর্ষ খেলোয়াড়রা এখন ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছেন হরহামেশা। পোল্যান্ড ও লিথুনিয়ার বিপক্ষে ম্যাচ দুটির জন্য কুমানের ঘোষিত ২৫ সদস্যের দলের ১৩ জনই বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগে।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে মোট ৩৬ জন ডাচ খেলোয়াড় আছেন। ইংল্যান্ডে নিজের দেশের খেলোয়াড়দের এত বড় সংখ্যা দেখে এক টেলিভিশন সাক্ষাৎকারে মজা করে কুমান বললেন, এদের পারফরম্যান্স নজরে রাখতে তারও ইংল্যান্ডে পাড়ি দেওয়া উচিত।
“তারা সবাই ম্যানচেস্টার ও লিভারপুলে খেললে আমার জন্য আরও সহজ হতো, সেক্ষেত্রে আমাদের কেবল ওখানে গেলেই চলতো।”
নেদারল্যান্ডসের কোনো ক্লাবের সবশেষ খেলোয়াড় হিসেবে দেশটির জাতীয় দলের শুরুর একাদশে খেলেছেন জোরাল হাতো, গত মার্চে উয়েফা নেশন্স লিগে স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে। এই ডিফেন্ডারও ইতোমধ্যে যোগ দিয়েছেন চেলসিতে।
ইংলিশ ফুটবলে খেলা সবশেষ ফুটবলার সান্ডারল্যান্ডের গোলরক্ষক রবিন ওপস ডাক পেয়েছেন কুমানের দলে। আর উইঙ্গার চাভি সিমন্স হচ্ছেন ডাচ স্কোয়াডের সবশেষ সদস্য যিনি ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন, গত সপ্তাহে লাইপজিগ থেকে টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন তিনি।
সিমন্সের দল বদলের সিদ্ধান্ত খুব ভালো হয়েছে বলে মনে করেন কুমান।
“জুনে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। আমার মতে, তার টটেনহ্যামে যোগ দেওয়া দারুণ সিদ্ধান্ত হয়েছে।”
১৯ বছর বয়সী ফুটবলার হাতোও আয়াক্স থেকে চেলসিতে যাওয়ার আগে তার পরামর্শ চেয়েছিলেন বলে জানালেন কুমান।
ইংল্যান্ডে কখনও খেলেননি একসময়ের তারকা ফুটবলার কুমান। দেশটিতে কোচিং করানোর অভিজ্ঞতা অবশ্য আছে তার। সাউথ্যাম্পটন ও এভারটনের সাবেক এই কোচের মতে, ফুটবলারদের ইংলিশ ফুটবলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ। কারণ তার চোখে, প্রিমিয়ার লিগ সবচেয়ে সেরা প্রতিযোগিতা।