'গ্রেট হতে হলে হলান্ডকে ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলতে হবে'
কিংবদন্তিদের কাতারে যাওয়ার সামর্থ্য আছে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের, বলেছেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড লেস ফার্ডিন্যান্ড।
ইংলিশ ফুটবলে নিজের প্রথম মৌসুমেই গোলের পর গোল উপহার দিচ্ছেন আর্লিং হলান্ড। গড়েও চলেছেন রেকর্ডের পর রেকর্ড। প্রিমিয়ার লিগের গ্রেটদের সঙ্গে স্বাভাবিকভাবেই উচ্চারিত হচ্ছে তার নামটি। হলান্ডের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই লেস ফার্ডিন্যান্ডের। তবে এখনই নরওয়ের এই ফরোয়ার্ডকে ‘গ্রেট’-এর মুকুট পরিয়ে দেওয়াটা বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলেও মনে হচ্ছে তার।
হলান্ডকে সেরাদের কাতারে যাওয়ার পথ অবশ্য বাতলে দিয়েছেন ফার্ডিন্যান্ড। সিটির ফরোয়ার্ডকে সেরা হতে হলে মৌসুমের পর মৌসুমে একই ছন্দে খেলে যেতে হবে বলে মনে করেন সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড।
গত গ্রীষ্মের দলবদলে সিটিতে যোগ দেওয়ার পর থেকে গোল করাকে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন হলান্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে গোল করেছেন ৫১টি। তার আগে প্রিমিয়ার লিগের কোনো খেলোয়াড় এক মৌসুমে গোলের ফিফটি করতে পারেননি। আগের সেরা ছিল ২০০২-০৩ মৌসুমে, সেবার ৪৪ গোল করেছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রুড ফন নিস্টলরয়।
এরই মধ্যে লিগে হলান্ড ৩১ ম্যাচে জালের দেখা পেয়েছেন ৩৫ বার। প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটিই। এই কীর্তি গড়ার পথে ২২ বছর বয়সী এই ফুটবলার পেছনে ফেলেছেন দুই গ্রেট অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরারকে। দুজনই করেছিলেন ৩৪ গোল, তারা অবশ্য খেলেছিলেন ৪২ ম্যাচের মৌসুমে, এখন যা নেমে এসেছে ৩৮-এ।
যেভাবে ছুটছেন, তাতে অনেকেই হলান্ডের মাঝে দেখছেন ভবিষ্যৎ কিংবদন্তি হওয়ার সব গুণাবলী। তবে ফার্ডিন্যান্ড মনে করেন, এজন্য নিজেকে বার বার প্রমাণ করতে হবে নরওয়ের এই তারকাকে। সম্প্রতি স্ট্যাটস পারফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ধারাবাহিকতা ধরে রাখাই সামনের দিনগুলোতে হলান্ডের জন্য হবে বড় চ্যালেঞ্জ।
“এটা বলা (হলান্ডকে গ্রেট বলা) একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ গ্রেট খেলোয়াড়রা বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে তা করে দেখিয়েছে। এই মৌসুমে হলান্ড সেটা করেছে এবং চলতি মৌসুমে সে অসাধারণ খেলছে। কিন্তু তাকে বিচার করা হবে বছরের পর বছর ধরে সে কেমন করবে, সেটার ওপর ভিত্তি করে।”
ক্লাব ক্যারিয়ারে কুইন্স পার্ক রেঞ্জার্সে সোনালি সময় কাটানো ফার্ডিন্যান্ড যদিও কিছু প্রশ্ন তুলেছেন, কিন্তু লম্বা সময় ধরে আধিপত্য করার সামর্থ্য যে হলান্ডের আছে, তাও বলেছেন স্পষ্ট করেই।
“আমি মনে করি অনেক স্ট্রাইকারকেই এটা বলা যাবে যে, তুমি একটি দারুণ ব্যতিক্রমী বছর কাটাতে পারো, কিন্তু তুমি কী সেটার পুনরাবৃত্তি করতে পারবে, আবার কী তা করে দেখাতে পারবে, (দুর্দান্ত পারফরম্যান্সের) পুনরাবৃত্তি করতে পারবে?
“মনে হচ্ছে সে তা পারবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা সে না করছে, ততক্ষণ তাকে সেই গ্রেট স্ট্রাইকারদের কাতারে রাখা কঠিন। যদিও এই বছর তার অসাধারণ একটি মৌসুম কাটছে।”
