২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার

লিওনেল মেসির দুটি প্রচেষ্ট ফিরিয়ে দেন লস অ্যাঞ্জেলস এফসির গোলকিপার ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা উগো লরিস।

শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
সেই বিরল ম্যাচগুলির একটি, যে ম্যাচে মেসি ছিলেন মিইয়ে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2025, 12:32 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

চোট কাটিয়ে মাঠে ফেরার পর এবার শুরুর একাদশে ফিরলেন লিওনেল মেসি। খেললেন গোটা ম্যাচ। তবে দু-একটি ঝলক দেখানো ছাড়া ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে রইলেন আর্জেন্টাইন তারকা। ব্যর্থ হলো তার দল ইন্টার মায়ামিও।

কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপে কোয়ার্টার-ফাইনাল সিরিজের প্রথম লেগে ইন্টার মায়ামিকে ১-০ গোলে হারাল লস অ্যাঞ্জেলস এফসি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টার একটু আগে শেষ হওয়া ম্যাচে ঘরের মাঠে লস অ্যাঞ্জেলসের জয়ের নায়ক নাতান ওর্দাজ। ২১ বছর বয়সী মার্কিন ফরোয়ার্ড প্রায় ২৪ গজ দূর থেকে দুর্দান্ত গড়ানো শটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন। 

চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল মায়ামি। 

চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর গত রোববার বদলি হিসেবে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। সেদিন মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল করে দলকে জেতান মায়ামি অধিনায়ক। তবে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে একরকম নিষ্প্রভই ছিলেন তিনি। 

এর মধ্যেই অবশ্য দুই দফায় গোলে শট নিয়েছিলেন মেসি। তবে তার দুটিসহ মায়ামির তিনটি শট ফিরিয়ে দেন লস অ্যাঞ্জেলসের গোলকিপার ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা উগো লরিস। 

নিস্তরঙ্গ প্রথমার্ধে কোনো দলই খুব প্রভাব বিস্তার করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ধার বাড়ায় লস অ্যাঞ্জেলস। কিছু সুযোগ তেরি করে তারা। তবে বাধা হয়ে দাঁড়ান মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। ৫৭তম মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে চকিতে ঘুরে পাশে থাকা একজনকে ছিটকে একটু সামনে এগিয়ে শট নেন ওর্দাজ। এল সালভাদর বংশোদ্ভূত ফরোয়ার্ডের দারুণ শট পোস্ট ঘেঁষে আশ্রয় নেয় জালে।

ছয় মিনিট পর ব্যবধান বাড়তে পারত আরও। কিন্তু টিমেথি টিলম্যানের প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেয় মায়ামি। 

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার মায়ামির মাঠে দ্বিতীয় লেগে লড়বে দুই দল।