২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা দেল রের ফাইনালে ওঠার পর ট্রেবল জয়ের স্বপ্ন বার্সেলোনার

বার্সেলোনার কোচের দায়িত্বে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন হান্সি ফ্লিক।

কোপা দেল রের ফাইনালে ওঠার পর ট্রেবল জয়ের স্বপ্ন বার্সেলোনার
বার্সেলোনার ফাইনালে ওঠার আনন্দ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2025, 12:02 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান এখনও নিজেদের নিয়ন্ত্রণেই। চ্যাম্পিয়ন্স লিগেও সম্ভাবনা টিকে আছে প্রবলভাবে। কোপা দেল রেতে ট্রফির সঙ্গে দূরত্ব স্রেফ একটি ম্যাচের। ট্রেবল জয়ের স্বপ্ন তাই দেখাই যায়! আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে সেই স্বপ্নের কথাই বললেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে জোয়ারে না ভেসে বেশ সাবধানীও তিনি।

কোপা দেল রের সেমি-ফাইনালে দুই দলের প্রথম লেগের লড়াই তুমুল নাটকীয়তার পর ড্র হয়েছিল ৪-৪ গোলে। দ্বিতীয় লেগে বুধবার ফেররান তরেসের গোলে জিতে ফাইনালে পৌঁছে যায় ফ্লিকের দল। 

লা লিগায় রেয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে এখন বার্সেলোনা। লিগে ম্যাচ বাকি আছে ৯টি। চ্যাম্পিয়ন্স লিগে কাতালানরা পৌঁছে গেছে কোয়ার্টার-ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।

এই বছরের স্প্যানিশ সুপার কাপ তারা জিতে নিয়েছে আগেই। এবার কোপা দেল রের সেমি-ফাইনাল জিতে ফ্লিক শোনালেন আরও ট্রফির তাড়না, যেখানে ফুটে উঠল ট্রেবলের চাওয়া। যদিও বেশ সতর্কও তিনি। 

“আমাদের বড় স্বপ্ন হলো অনেক ট্রফি জয় করা। প্রথমটি (সুপার কাপ) আমরা জিতেছি। কিন্তু আরও অনেক ট্রফি জয়ের সুযোগ এই ক্লাবের আছে।”

“এই মুহূর্তটি দারুণ (ফাইনালে ওঠা)। তবে আমি যথেষ্ট অভিজ্ঞ কোচ। এটা জানি যে, সবকিছু কত দ্রুত বদলাতে পারে। তবে স্বপ্ন দেখতেই পারি আমরা। এজন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং মনোযোগ ধরে রাখতে হবে।” 

ম্যাচের পর দিয়েগো সিমেওনে ও হান্সি ফ্লিকের আলিঙ্গন। ছবি: রয়টার্স।

ম্যাচের পর দিয়েগো সিমেওনে ও হান্সি ফ্লিকের আলিঙ্গন

বার্সেলোনার জয়ে নিশ্চিত হয়ে গেছে এই মৌসুমে আরেকটি এল ক্লাসিকো। আগের দিনই রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে উঠে যায় রেয়াল মাদ্রিদ। ২৬ এপ্রিল সেভিয়ার মাঠে ফাইনালে লড়বে স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। 

কোপা দেল রের ইতিহাসে সাতবার ফাইনালে মুখোমুখি হয়েছে এই দুই দল। রেয়াল জিতেছে চারবার, বার্সেলোনা তিনবার। গত ৩৫ বছরে অবশ্য স্রেফ দুইবার ফাইনালে দেখা হয়েছে তাদের। দুবারই জিতেছে রেয়াল। সবশেষ ম্যাচটি ছিল ২০১৪ সালে। যেটিতে ৮৫তম মিনিটে মাঝমাঠ থেকে গ্যারেথ বেলের সেই অসাধারণ দৌড়ে দুর্দান্ত গোলটি ‘আইকনিক’ এক গোল হয়ে আছে। সেবার ২-১ গোলে জিতেছিল রেয়াল। ২০১১ আসরের ফাইনালে তারা জিতেছিল অতিরিক্ত সময়ে ক্রিস্তিয়ানো রোনালদোর হেডে।

চলতি মৌসুমে অবশ্য রেয়ালকে বেশ পর্যদুস্ত করে ছেড়েছে বার্সেলোনা। ফাইনাল ঘিরেও আগ্রহ থাকবে তুঙ্গে। ফ্লিক যদিও এখনই উত্তেজনায় বুঁদ হতে চান না।  

“আমি বর্তমানে বাস করতে চাই, অতীতে নয়, ভবিষ্যতেও নয়। এজন্যই ফাইনাল নিয়ে এখনই চিন্তা করছি না। আপনি যদি ফাইনালের কথা জিজ্ঞেস করেন, আমি বলব পরের ম্যাচ বেতিসের সঙ্গে (লা লিগায়)।”

“ক্লাসিকো ম্যাচ সবসময়ই দারুণ। তবে এর আগে আমাদের অনেক ম্যাচ আছে। আমার কাছে এটা (ফাইনাল) এখন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু এখনও আছে।”

রেয়াল বেতিসের সঙ্গে বার্সেলোনার লড়াই শনিবার। এরপর বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাদের লড়াই ঘরের মাঠে।