২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘রোহিত আবার বড় ইনিংস খেলবে এবং লোকে তার প্রশংসা করবে’

এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে উল্লেখ করার মতো কিছু করতে পারেননি ভারত অধিনায়ক।

‘রোহিত আবার বড় ইনিংস খেলবে এবং লোকে তার প্রশংসা করবে’
রোহিত শার্মা ও কাইরন পোলার্ড। ছবি: মুম্বাই ইন্ডিয়ান্স ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 07:57 AM

Updated : 26 Aug 2026, 12:25 PM

চলতি আইপিএলে ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি রোহিত শার্মা। প্রথম তিন ম্যাচে উল্লেখ করার মতো কিছু তিনি করতে পারেননি। তার পারফরম্যান্স নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে। তবে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিশ্বাস, খুব শিগগিরই রোহিত বড় ইনিংস খেলবেন এবং তার প্রশংসায় মেতে উঠবে সবাই।

আইপিএলের আগে রোহিতের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। ওই টুর্নামেন্টে প্রথম চার ম্যাচে তেমন ভালো করতে না পারলেও ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ছিলেন তিনিই।

তবে আইপিএলে ফিরেই আবার নিষ্প্রভ হয়ে গেছে তার ব্যাট। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয়টিতে দুটি চারে করেন ৮ রান। দুই ম্যাচেই তিনি আউট হন প্রথম ওভারে। তৃতীয় ম্যাচে পাওয়ার প্লের শেষ ওভার পর্যন্ত টিকে থাকলেও ১২ বলে ১৩ রান করে বিদায় নেন বয়স ৩৮ ছুঁইছুঁই ওপেনার। ওই তিন ম্যাচের দুটিতে হেরে যায় মুম্বাই।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার পোলার্ড আশার কথা শোনালেন, রোহিতের ব্যাটে বড় ইনিংস এলো বলে।

“আমি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে রোহিতের সঙ্গে খেলেছি। বিভিন্ন পরিস্থিতিতে, খেলার ভিন্ন ভিন্ন সংস্করণে, রেকর্ড বইয়ের ইতিহাসে তার নাম খোদাই করেছে সে… এই খেলার একজন হিসেবে এবং মানুষ হিসেবেও কিংবদন্তি সে।”

“অনেক সময় আসে যখন কয়েকটি ইনিংসে কেউ অল্প রানে আউট হয়ে যায়... এখন ব্যক্তি হিসেবে নিজের ক্রিকেট উপভোগ করার অধিকার অর্জন করেছে সে এবং নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে চাপের মুখে না পড়ারও। তাই কয়েকটি অল্প রানের ইনিংস দিয়ে তাকে বিচার না করি। আমরা জানি, ক্রিকেটে আমরা সাফল্যের চেয়ে ব্যর্থ বেশি হই এবং আমি নিশ্চিত যে, যখন সে আমাদের আবার বড় ইনিংস উপহার দেবে, তখন আমরা তার প্রশংসায় গান ধরব। তারপর আমরা পরবর্তী আলোচনায় মন দেব।”

রোহিতের ফর্মে ফেরার আরেকটি সুযোগ শুক্রবার। এদিন লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বাই।