হলান্ড-সিলভাদের ‘যেভাবে খুশি’ ছুটি কাটাতে বললেন সিটি কোচ
পেপ গুয়ার্দিওলার বিশ্বাস, যত বেশি ছুটি কাটানো যায়, মাঠে তত ভালো পারফরম্যান্স করে দল।
পরের ম্যাচের আগে লম্বা বিরতি পাচ্ছে ম্যানচেস্টার সিটি। এই সময়ের কিছুটা খেলোয়াড়দের নিজেদের মতো কাটানোর অনুমতি দিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা। তার বিশ্বাস, ছুটি যত বেশি পারফরম্যান্সও তত ভালো।
সিটি তাদের সবশেষ ম্যাচ খেলেছে গত শনিবার, এফএ কাপের সেমি-ফাইনালে সাউথ্যাম্পটনের বিপক্ষে। ম্যাচটি ২-১ গোলে জিতেছে তারা। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চেলসি।
আগামী সোমবার নিজেদের পরের ম্যাচ খেলতে মাঠে নামবে সিটি। প্রিমিয়ার লিগে এভারটনের মুখোমুখি হবে তারা। আপাতত লিগ টেবিলে দুইয়ে আছে দলটি। তবে শিরোপা পুনরুদ্ধারের দারুণ সুযোগ তাদের সামনে।
৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট সিটির। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। পরের ম্যাচ জিতেই মিকেল আর্তেতার দলকে ফের টপকে যেতে পারে গুয়ার্দিওলার দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে আর ছয় ম্যাচ বাকি আছে সিটির। ২১ দিনের মধ্যে এই ম্যাচগুলো খেলবে তারা। মৌসুমের শেষ ধাপের লড়াইয়ে নামার আগে খেলোয়াড়দের সতেজ হয়ে ফিরতে ছুটি দেওয়ার কথা বললেন গুয়ার্দিওলা।
“এভারটনের বিপক্ষে খেলতে লিভারপুলে যাওয়ার আগে আট দিন সময় আছে। (ছুটিতে) তারা (খেলোয়াড়রা) যা ইচ্ছা করতে পারে। কোথাও যদি ভ্রমণ করতে চায়, যেতে পারে। বুধবার বিকালে অনুশীলনে জন্য ফিরে এলেই হলো।”
“এই দেশে আমি শিখেছি, যত বেশি ছুটির দিন কাটানো যায়, দল তত ভালো খেলে। কোচেরা মনে করে, দল যত বেশি অনুশীলন করবে তত ভালো খেলবে, আমার ভাবনা এর উল্টো। অবশ্যই অনুশীলন করতে হবে, তবে ম্যাচের সময় ফুরফুরে মেজাজেও থাকতে হবে। এটাই শিখেছি। শুরুর দিকে অনেক বেশি অনুশীলন করাতাম, কিন্তু এখন বিশ্রাম ও ভালো সময় কাটানোকেও গুরুত্ব দেই।”
লিগ কাপের ফাইনালে আর্সেনালকে হারিয়ে এরই মধ্যে মৌসুমে একটি শিরোপা জিতেছে সিটি। তাদের সামনে এখনও ট্রেবল জয়ের হাতছানি।
