নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যানইউ
অর্ধ যুগের শিরোপা খরা কাটাল প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
সাফল্যের জন্য বুভুক্ষু ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে অবশেষে ধরা দিল শিরোপা হাসি। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে লিগ কাপ ঘরে তুলল এরিক টেন হাগের দল। দীর্ঘ ছয় বছর পর শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ফাইনালে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস র্যাশফোর্ড।
২০১৬-১৭ মৌসুমে এই দিনেই সাউথ্যাম্পটনকে হারিয়ে প্রতিযোগিতাটিতে সবশেষ শিরোপা জিতেছিল ম্যানচেস্টারের দলটি। ওই মৌসুমেই তারা জিতেছিল ইউরোপা লিগ। এরপর থেকে মাঝে আর কোনো শিরোপা সাফল্য পায়নি তারা।
২০২১ সালের অক্টোবরে মালিকানায় বদল আসার পর এই মৌসুমের শুরু থেকে মাঠেও নতুন রূপে ধরা দেয় নিউক্যাসল। প্রিমিয়ার লিগে মাঝে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিল তারা। জায়গা করে নেয় লিগ কাপের ফাইনালে।
লিগে দীর্ঘ সাড়ে পাঁচ মাসের বেশি অপরাজিত থাকার পর গত সপ্তাহে দলটি ঘরের মাঠে হেরে যায় লিভারপুলের কাছে। জয়ে ফেরার পাশাপাশি দীর্ঘ ৫৪ বছর পর বড় কোনো শিরোপা জয়ের হাতছানিতে মাঠে নেমে ‘বল দখলে রেখে আক্রমণের’ কৌশলে আত্মবিশ্বাসী শুরু করে নিউক্যাসল।
তবে শিরোপা খরা কাটাতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমার্ধেই দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
৩৩তম মিনিটে বাঁ দিক থেকে দারুণ ফ্রি কিকে ডি-বক্সে ক্রস বাড়ান লুক শ। আর কোনাকুনি হেডে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো।
ক্যারিয়ারের সেরা সময় কাটানো র্যাশফোর্ডের নৈপুণ্য আর সৌভাগ্যের ছোঁয়ায় ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। ডাচ ফরোয়ার্ড ভাউট বেহর্স্টের ছোট করে দেওয়া থ্রু বল ডি-বক্সে ধরে বাঁ পায়ের কোনাকুনি শট নেন র্যাশফোর্ড, বল ডাচ ডিফেন্ডার বোটমানের পায়ে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের চাপ বাড়ায় নিউক্যাসল। বেশ কিছুটা সময়ে ধরে করতে থাকে আক্রমণ, যদিও প্রতিপক্ষ গোলরক্ষক দাভিদ দে হেয়ার তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না তারা।
শেষ পর্যন্ত জাল অক্ষত রেখেই ট্রফি উঁচিয়ে ধরে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। সেই সঙ্গে দারুণ এক রেকর্ড নতুন করে লেখেন দে হেয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ১৮১ ম্যাচে ‘ক্লিন শিট’ রাখলেন এই স্প্যানিয়ার্ড, ছাড়িয়ে গেলেন সাবেক ডেনিশ গোলরক্ষক পিটার স্মাইকেলকে।
এর আগে সবশেষ শিরোপাটি ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছিল জোসে মরিনিয়োর হাত ধরে। ২০১৮ সালের ডিসেম্বরে তার বিদায়ের পর পূর্ণ বা অন্তর্বর্তীকালীন মেয়াদে তিন জন কোচ এসেছেন, কিন্তু কেউই দলটিকে এনে দিতে পারেনি কাঙ্ক্ষিত সাফল্য।
এই মৌসুমের শুরুতে দায়িত্ব দেওয়া হয় টেন হাগকে। তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে এবং স্কোয়াডের বাইরে ঠেলে দিয়ে বিতর্কেরও জন্ম দেন এই ডাচ কোচ।
তবে এবার যেন সব বিতর্ক এক ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন তিনি। ক্লাবকে যে এনে দিলেন সেই কাঙ্ক্ষিত শিরোপা।
