২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি

হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি, অপেক্ষা এখন নতুন উচ্চতা ছোঁয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 10:05 AM

Updated : 11 Sep 2026, 03:25 PM

ম্যাচের বয়স তখন ৬৫ মিনিট। এক ধারাভাষ্যকার বলছিলেন, “বিশ্বকাপে তৃতীয়বার এক ম্যাচে জোড়া গোল করলেন মেসি, কিন্তু হ্যাটট্রিক করতে পারেননি কখনও।” আরেক ধারাভাষ্যকার বললেন, “আজকেই করে ফেললে সোনায় সোহাগ হয়ে যায়…!” ঠিক তখনই অল্পের জন্য গোল পেলেন না লিওনেল মেসি। তবে খুব বেশি দেরিও হলো না। মিনিট দশেক পরই এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি। 

রূপকথার মতো এক ক্যারিয়ারে অপূর্ণতা খুব একটা নেই মেসি। যা টুকটাক বাকি আছে, এর একটিও পূরণ করে ফেললেন এবার। বিশ্বকাপে হ্যাটট্রিক! নিজের এই প্রাপ্তির দিনটিতে গৌরবময় রেকর্ডের এক পাতায় খোদাই হয়ে গেল তার নাম। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোল!

১৬ গোল করে ২০১৪ বিশ্বকাপ থেকে রেকর্ডটি মিরোস্লাভ ক্লোসার। সাবেক জার্মান স্ট্রাইকার এবার পেলেন একজন সঙ্গী। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে ১৬ গোল হয়ে গেল মেসিরও।

ক্যানস্যাস সিটিতে ম্যাচটি ছিল মেসিময়। মাঠে পা রাখা মাত্রই তার রেকর্ড যাত্রা শুরু হয়ে যায়। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটলার হিসেবে খেলছেন তিনি ছয়টি আসরে। আর্জেন্টিনার জার্সিতে প্রথম ফুটবলার হিসেবে পূর্ণ করেন ২০০ ম্যাচ খেলার অসাধারণ কীর্তিও। 

ম্যাচের শুরুতেই একবার জালে বল জড়িয়ে গোল পাননি অফসাইড হওয়ায়। সপ্তদশ মিনিটে সেসবের কোনো সুযোগ রাখেননি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে তীব্র গতির শটে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করলেন তিনি। এতদিন এই কীর্তি ছিল কেবল ক্রিস্তিয়ানো রোনালদোর। 

বিশ্বকাপে মেসির এটি ১৪তম গোল। 

এ দিনই আগের ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ১৪ গোল হয়েছিল কিলিয়ান এমবাপের। বিশ্বকাপে সেটি তার ১৫তম ম্যাচ। জার্মান কিংবদন্তি জার্ড মুলার দুই বিশ্বকাপে ১৩ ম্যাচে ১৪ গোল নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন অনেক আগেই।

ম্যাচের ৬০তম মিনিটে এই দুজনকে ছাড়িয়ে যান মেসি। আলজেরিয়ান গোলকিপার লুকা জিদানের হাত থেকে ফসকে আসা বল জালে পাঠান তিনি আলতো টোকায়।

১৫ গোলে তার নাম লেখা হয় তখন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর পাশে। দুটি বিশ্বকাপজয়ী সাবেক ফরেয়ার্ড চারটি আসরে ম্যাচ খেলেছেন মোট ১৯টি। 

তাকে ছুঁয়েই থামেননি মেসি। রেকর্ডের নেশায় পেয়ে যাওয়া জাদুকরকে থামাবে কে! 

৭৬তম মিনিটে বক্সের বাইরে দুর্দান্ত গড়ানো শটে গোল করে মেসি পৌঁছে যান আরও একটি ইতিহাসের ঠিকানায়। 

চার বিশ্বকাপে ২৪ ম্যাচে ১৬ গোল করে রেকর্ডটি এতদিন ছিল ক্লোসার একার। ২৭ ম্যাচে তার পাশে উঠে এলেন আর্জেন্টাইন জাদুকর। 

৩৮ বছর ৩৫৮ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডও এখন তার। ছাড়িয়ে গেলেন তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে (৩৩ বছর ১২২ দিন)।

৭৯তম তাকে তুলে নেওয়া হয়। নইলে কে জানে, হয়তো এ দিনই রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারতেন তিনি। 

তবে এ দিন না হলেও পরের যে কোনো দিন হবে, এটা নিয়ে কোনো সংশয়ই নেই। বিশ্বকাপের তো সবে শুরু। রেকর্ডটি কোন উচ্চতায় তুলে থামবেন তিনি, কৌতূহল সেখানেই।