ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ জর্ডানের ফুটবল প্রধানের
জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার বিনিময়ে তাদের সমস্যা সমাধানে সাহায্যের প্রস্তাব দিয়েছিল ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ এনেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলি বিন হুসেইন। তিনি দাবি করেছেন, ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার বিনিময়ে জর্ডানের সমস্যা সমাধানে সাহায্যের প্রস্তাব দিয়েছিল ফিফা।
বিন হুসেইন অভিযোগ করেছেন, কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে সহায়তা দিতে অস্বীকৃতি জানানোর পর, বিশ্বকাপ চলাকালীন ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয় যে, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবল অ্যাসোসিয়েশনকে সাহায্য করবে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
সামাজিক মাধ্যম এক্স-এ বিন হুসেইন লিখেছেন, “জর্ডানে আমরা নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখতে গর্ববোধ করি। আমরা আগেও তাকে (ইনফান্তিনো) সমর্থন করিনি এবং এখনও করব না।
কিন্তু পুরো বিষয়টি ব্ল্যাকমেইলের শামিল এবং এর কাছে আমরা নতি স্বীকার করব না।”
বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করার পরও তীব্র সমালোচনা আর বিরোধিতার মুখে আছেন ইনফান্তিনো। এর মধ্যেই এলো নতুন এই অভিযোগ।
আরও বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন জর্ডানের ফুটবল প্রধান। এর মধ্যে রয়েছে, বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সত্ত্বেও ভক্তদের ‘টিকেটের জন্য বাড়তি অর্থ’ প্রদান এবং ফিফা আয়োজিত ২০২৫ সালের আরব কাপে অংশগ্রহণের অর্থ না পাওয়া।
বিন হুসেইনের অভিযোগ, বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তার অ্যাসোসিয়েশনকে কর বাবদ ‘বিপুল খরচের’ সম্মুখীন হতে হয়েছে, যে খরচ কানাডা ও মেক্সিকোতে অবস্থান করা দলগুলোকে বহন করতে হয়নি।
জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে ওঠার পুরস্কারের অর্থের জন্যও দলটি গত ডিসেম্বর থেকে অপেক্ষা করছে।
“ফাইনালে পৌঁছানোর জন্য আমাদের দলের যে অর্থ পুরস্কার পাওয়ার কথা, তা এখনও দেওয়া হয়নি, অথচ একই সময়ে ফিফা তাদের রিজার্ভে কত বিলিয়ন আছে, তা নিয়ে বড়াই করে।”
