এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই
Published : 28 Aug 2025, 09:36 PM
ঢাকা ও বাহরাইনে প্রস্তুতি শেষে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের জন্য ২৩ জনের দল চূড়ান্ত করেছেন সাইফুল বারী টিটু। স্কোয়াডে আছেন ফাহামিদুল ইসলাম। ইতালির দল ওলবিও কালসিওতে খেলা এই তরুণ ফরোয়ার্ডকে অবশ্য বাছাইয়ের শুরুতে পাবে না বাংলাদেশ।
‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। আগামী ৩ সেপ্টেম্বর এই গ্রুপের বাছাইয়ের আয়োজক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু করবে বাংলাদেশ।
বাছাই খেলতে শনিবার ভিয়েতনামের পথে রওনা দেবে দল। বৃহস্পতিবার বাছাইয়ের লক্ষ্য, ফাহামিদুলকে পাওয়া নিয়ে দোটানা, প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেন টিটু। প্রস্তুতি ভালো হওয়ায় বাছাই পেরুনোর আশাবাদও তিনি জানান আত্মবিশ্বাসী কণ্ঠে।
“বাহরাইনের প্রস্তুতিটা ভালো ছিল। আরেকটা ম্যাচ খেলতে পারলে ভালো হতো। তারপরও বাহরাইনের শক্তিমত্তা এবং ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার যে পরিকল্পনা নিয়ে আমরা গিয়েছিলাম, ওই ম্যাচগুলো খেলার পর মনে হয়েছে বাছাইয়ে আমাদের বাস্তবসম্মত সুযোগ আছে। ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ খুবই। ওই ম্যাচ আমাদের পথ দেখাবে। এই ম্যাচের জন্য যে মনোবল ও আত্মবিশ্বাস লাগে, সেটা আমরা বাহরাইন থেকে পেয়েছি।”
“ফাহামিদুল আসবে। তাকে পরের দুই ম্যাচে পাব। প্রথম থেকে না থাকলেও পরের দুইটা ম্যাচে সে আমাদের জন্য কাজে আসবে। সে যখন আসবে, একটা সেশন না করেই ম্যাচ খেলাটা বাস্তবসম্মত হবে না। ফাহামিদুল এলে অবশ্যই আমাদের শক্তি বাড়বে। ওকে (ফাহামিদুল) আনার জন্য চেষ্টা করেছি আমরা। পারিনি। তারও কিছু ব্যক্তিগত সমস্যা ছিল। প্রয়োজন হলে আমরা পরিস্থিতি বুঝে নামাব।”
৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে যুবারা। টিটু অবশ্য শুরুতে পুরো মনোযোগ রাখতে চান ভিয়েতনাম ম্যাচে।
“প্রথম ম্যাচটা দেখার পর বোঝা যাবে আমরা কীভাবে আগাব। (বাহরাইন থেকে) আত্মবিশ্বাস নিয়ে আসার মানে ভিয়েতনামকে হারানোর চেষ্টা করা। প্রতিপক্ষ ও নিজেদের খেলা বিশ্লেষণ করেই আমরা আত্মবিশ্বাস পাই। বাহরাইন আমাদের চেয়ে বেশ এগিয়ে। তাদের বিপক্ষে খেলা বিশ্লেষণ করার পরই আমাদের এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে।”
“ভিয়েতনামকে আমরা বিশ্লেষণ করছি। ধাপে ধাপে সিঙ্গাপুর ও ইয়েমেন আসবে আমাদের বিশ্লেষণে। ইয়েমেনের খেলোয়াড়েরা খুব ভালো। ওদের সঙ্গে কীভাবে খেলব, এটা ভিয়েতানামের বিপক্ষে আমরা আগেই রিহার্সাল করে রেখেছি। সিঙ্গাপুর যেহেতু শেষ ম্যাচ আমরা দেখেশুনে খেলব।”