‘লেভানদোভস্কিকে ছাড়াও আমরা জিততে পারি’
পোল্যান্ড কোচ মিখাল প্রবিয়েশ আশাবাদী, তারকা স্ট্রাইকারের অনুপস্থিতিতে জ্বলে উঠবেন অন্যরা।
বাছাই পর্ব খুব একটা ভালো কাটেনি। তার উপর চোটের কারণে আপাতত মাঠের বাইরে রবের্ত লেভানদোভস্কি। তবু নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করতে আত্মবিশ্বাসী পোল্যান্ড।
বার্সেলোনার ৩৫ বছর বয়সী স্ট্রাইকার লেভানদোভস্কি গোলের জন্য পোল্যান্ডের সবচেয়ে বড় ভরসা। আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে ১৫০ ম্যাচে করেছেন ৮২ গোল। হ্যামস্ট্রিংয়ের চোটে ডাচদের বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকবেন তিনি। খেলতে পারেন ফ্রান্স ও অস্ট্রিয়ার বিপক্ষে ‘ডি’ গ্রুপের অন্য দুই ম্যাচে।
লেভানদোভস্কির অনুপস্থিতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন পিতর জিলনস্কি। দলের অনুশীলন শেষে শনিবার এই মিডফিল্ডার বলেন, তারকা স্ট্রাইকারের অভাব পূরণ করতে বাকিরা বাড়তি কিছু করার জন্য প্রস্তুত।
“এটা খুব দুঃখজনক যে, এই ম্যাচে রবের্ত লেভানদোভস্কি আমাদের সাহায্য করতে পারবে না।”
“সে বিশ্ব মানের একজন খেলোয়াড় এবং তার অভাব আমরা অনুভব করব। তবে আমি এবং সতীর্থরা লক্ষ্য পূরণ অর্থাৎ জয়ের জন্য বাড়তি কিছু যোগ করার চেষ্টা করব।”
সব মিলিয়ে এ নিয়ে তিন ম্যাচে লেভানদোভস্কিকে পাচ্ছেন না কোচ মিখাল প্রবিয়েশ। তিনি মনে করছেন পোল্যান্ড দলে প্রজন্মের পালাবদলের মধ্যে অন্য খেলোয়াড়দের দ্যুতি ছড়ানোর সুযোগ অধিনায়কের এই অনুপস্থিতি।
“এখানে লুকানোর কিছু নেই। আমরা তার অভাব অনুভব করব। তবে ফল পাওয়ার জন্য অন্য খেলোয়াড়দের যা করা সম্ভব তা করতে হবে। আশা করি সে খেলার আরও সুযোগ পাবে।”
চোটের জন্য এবারের ইউরোতে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানো পোল্যান্ড মূল পর্বে এসেছে প্লে-অফে ওয়েলসকে টাইব্রেকারে হারিয়ে। কঠিন সেই সময় ভুলে ইউরোয় ভালো করার দিকে তাকিয়ে জিলনস্কি।
“আমরা যেমন আশা করেছিলাম, বাছাই পর্ব তেমন কাটেনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা এখন এখানে আর আমরা যা করতে পারি তা করব।”
“ইউরোপের ফুটবলে নেদারল্যান্ডস একটি সুপরিচিত ব্র্যান্ড। তারা দারুণ একটি জাতীয় দল। ফিফা র্যাঙ্কিংয়ে বেশ ওপরের দিকে আছে। তবে আমার মনে হয়নি কালকের ম্যাচে র্যাঙ্কিংয়ের কোনো ভূমিকা থাকবে।”
বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাতটায় শুরু হবে নেদারল্যান্ডস ও পোল্যান্ডের লড়াই।
