২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গ‍্যালারিতে মারামারি: ক্ষতির চেষ্টা ‘বরদাশত করবে না’ কনমেবল

দর্শকদের সঙ্গে ফুটবলারদের মারামারির ঘটনায় আনুষ্ঠানিক পদক্ষেপ নিল কনমেবল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 10:48 AM

Updated : 26 Aug 2026, 09:59 AM

দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচের পর গ্যালারিতে দর্শকদের সঙ্গে উরুগুয়ের ফুটবলারদের মারামারির ঘটনায় তদন্ত শুরু করেছে কনমেবল। 

আনুষ্ঠানিক বিবৃতিতে লাতিন আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টের ক্ষতি করার কোনোরকম চেষ্টা সহ্য করবে না তারা। 

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের এই ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে বিবাদে জড়ান উরুগুয়ের ফুটবলাররা।

ডাগআউটের পাশের সিড়ি বেয়ে গ্যালারিতে উঠে দর্শকদের সঙ্গে হাতাহাতি করতে দেখা যায় দারউইন নুনেস, হোসে মারিয়া হিমেনেসদের। পরে দলের অধিনায়ক হিমেনেস বলেন, পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য এগিয়ে যেতে হয়েছিল তাদের।

এর আগে ম্যাচ শেষ হওয়ার পর মাঠেও একদফা বাকযুদ্ধ হয় দুই দলের ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের মধ্যে। পরে কয়েকজন ফুটবলারের মধ্যস্থতায়ই বড় হয়নি সেই ঘটনা। 

এই ম্যাচ ঘিরে সকল পরিস্থিতির তদন্ত করা হবে জানিয়েছে কনমেবল। 

"ম্যাচ শেষে মারামারি ও ঘটনাক্রমের সঙ্গে জড়িতদের দায় বোঝার জন্য তদন্ত শুরু করেছে। আমরা সতর্ক ও নিশ্চিত করতে চাই, ফুটবলের বৈশ্বিক উৎসবে কালিমা লেপনের কোনো চেষ্টা বরদাশত করা হবে না।"

"আবেগ-অনুভূতির মতো একটি বিষয় এভাবে সহিংসতায় রূপ নেওয়া একদমই মেনে নেওয়া যায় না। তাই এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনের কোনোরকম ক্ষতিকর আচরণ বরদাশত করা হবে না।"