চতুর্থ মেয়াদে উয়েফা সভাপতি পদে লড়বেন চেফেরিন
পুনরায় নির্বাচনে না দাঁড়ানোর আগের অবস্থান থেকে সরে এলেন আলেকসান্দের চেফেরিন।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার প্রধান হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে দাঁড়াবেন বর্তমান সভাপতি আলেকসান্দের চেফেরিন।
বার্লিনে বৃহস্পতিবার উয়েফার ৫৫টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানদের এক সভায় চেফেরিন নিজের এই সিদ্ধান্তের কথা জানান।
চেফেরিনের এই পদক্ষেপ প্রত্যাশিতই ছিল। এর মাধ্যমে তিনি পুনরায় নির্বাচনে না দাঁড়ানোর আগের অবস্থান থেকে সরে এলেন, যে অবস্থানের কথা তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন।
২০১৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়া চেফেরিন সে সময় উয়েফার গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন; ওই পরিবর্তনই তাকে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়।
৫৮ বছর বয়সি এই স্লোভেনিয়ানের নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা দিনকে দিন জোরাল হচ্ছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে উয়েফার উদ্যোগ শুরুর পর এই সম্ভাবনা আরও বেড়ে যায়।
গত অগাস্টে চেফেরিন জানান, তিনি নিজে ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি পদে নির্বাচনে দাঁড়াবেন না। তবে নির্বাচনের জন্য একজন প্রার্থী খুঁজে বের করতে প্রতিশ্রুতি দেন তিনি।
আবার নির্বাচনে অংশ নেওয়ার কথা অনেক আগেই বলেছেন ইনফান্তিনো। তবে গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার স্বত্বাধিকারী একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের আনার ব্যর্থ চেষ্টার পর থেকেই ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তিনি।
সুইজারল্যান্ড ও টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন বেগা বুধবার জানান, তিনি আগামী বছরের ফিফা নির্বাচনে স্বদেশি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ১৮ নভেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগে বর্তমান সভাপতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর ইচ্ছা প্রকাশ্যে ঘোষণা করা প্রথম ব্যক্তি তিনি।
উয়েফা জানিয়েছে, আজারবাইজান ছাড়া বাকি ৫৫টি জাতীয় অ্যাসোসিয়েশনই ফিফা সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সমর্থন জানিয়েছে।
