Published : 05 Sep 2025, 08:44 PM
শিলংয়ের ঘটনা। ভারত-বাংলাদেশ ম্যাচের স্কোয়াড ঘোষণার সময় ধারাভাষ্যকার যখন বললেন-হামজা চৌধুরী, তখন গ্যালারিতে বয়ে গিয়েছিল উচ্ছ্বাসের ঢেউ। বাংলাদেশের হয়ে খেলা ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে এভাবেই বরণ করে নিয়েছিল ভারতের সমর্থকেরা। একই প্রস্তুতি কী ছিল নেপাল সমর্থকদেরও? দলটির অধিনায়ক কিরণ চেমজং বললেন, কেবল নেপালের সমর্থকরাই নয়, তিনি নিজেও মুখিয়ে ছিলেন হামজার বিপক্ষে খেলতে!
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় প্রথম প্রীতি ম্যাচে লড়বে দুই দল। শুরু থেকেই নেপাল সফরে আসার সম্ভাবনা ছিল না হামজার। কিছুদিন আগে চোট পাওয়ায় সে সম্ভাবনাও শেষ হয়ে যায় পুরোপুরি। লেস্টার সিটির হয়ে খেলা হামজাকে বাংলাদেশ দলে না দেখতে পেয়ে হতাশা আড়াল করেননি কিরণ।
“আমরা এই দুই প্রীতি ম্যাচে হামজাকে বাংলাদেশের দলে দেখতে চেয়েছিলাম। সত্য কথা বলতে, সব নেপালী সমর্থকরা তাকে আমাদের মাঠে খেলতে দেখতে মুখিয়ে ছিল। কারণ সে একজন বড় তারকা, তবে সেই সুযোগ হয়নি। তার ক্লাব ব্যস্ততার কারণে এখানে খেলতে আসতে পারছেন না।”
কেবল হামজা নয়, এই ম্যাচে নেই কানাডা প্রবাসী মিডফিল্ডার শোমিত সোম, ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলামও। এই তিন জন না থাকলেও বাংলাদেশকে দুর্বল ভাবতে রাজি নন কিরণ।
“হাজমাকে ছাড়া বাংলাদেশ দলকে হালকা করে দেখারও সুযোগ নেই। তাদের বর্তমান স্কোয়াডে যারা আছে, তারাও সামর্থ্যবান। আর আমরা যতবারই তাদের বিপক্ষে খেলেছি প্রতিবারই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো আমি হামজা নেই বলে তাদের আলাদা করে মূল্যায়ন করতে পারব না যে তারা ১০ এ ৫ অথবা ৮-৯। তারা শক্তিশালী দল নিয়েই এসেছে, আমি নিশ্চিত যে ম্যাচ দুটো রোমাঞ্চকর হবে।”
“যদি আমার বাংলাদেশ দলকে রেট করতে হয় যে, হামজা, শোমিত ছাড়া বাংলাদেশ কেমন; আসলে আমি সেটা পারব না। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারব যে তারা প্রস্তুত ম্যাচের জন্য, ভালো প্রস্তুতি নিয়েছে।”