২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুম শেষ ফের্নান্দেসের

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তরুণ তারকার আগামী জুনে কোপা আমেরিকায় খেলা নিয়েও আছে সংশয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 12:59 PM

Updated : 26 Apr 2024, 02:18 PM

দুঃসময় যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে চেলসিকে। মাঠের ফুটবলে তারা খেই হারাচ্ছে বারবার। মৌসুমের শেষ প্রান্তে দলটির জন্য এলো আরেকটি বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ এই সময়টায় তারা পাচ্ছে না এন্সো ফের্নান্দেসকে। কুঁচকির সমস্যায় লড়তে থাকা তরুণ তারকার অস্ত্রোপচার করানো হয়েছে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে চেলসির বাকি ছয় ম্যাচে আর মাঠে নামতে পারবেন না ফের্নান্দেস। আগামী কোপা আমেরিকায় তার খেলা নিয়েও আছে সংশয়। 

চেলসি বৃহস্পতিবার বিবৃতিতে জানায়, দ্রুতই পুনর্বাসন শুরু হবে ফের্নান্দেসের। 

“কুঁকচির সমস্যায় এন্সো ফের্নান্দেসের অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন সে পুনবার্সন শুরু করবে। ২০২৩-২৪ মৌসুমের বাকিটায় তিনি তাই বাইরে থাকবেন। ক্লাবের মেডিকেল বিভাগের মঙ্গে কবহ্যামে (অনুশীলন গ্রাউন্ড) পুনবার্সন প্রক্রিয়া চালিয়ে যাবেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার।”

বেশ কয়েক সপ্তাহ ধরেই কুঁচকির এই চোট ভোগাচ্ছিল ফের্নান্দেসকে। কোপা আমেরিকায় খেলতে মরিয়া হয়েই অবশষে এখন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

গত বছরের জানুয়ারিতে ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি ১২ কোটি ১১ লাখ ইউরোয় বেনফিকা থেকে চেলসিতে নাম লেখান ফের্নান্দেস। দারুণ প্রতিভাবান এই ফুটবলার এখনও পর্যন্ত নিজের সেরাটা মেলে ধরতে পারেননি এই ক্লাবে। গত ডিসেম্বরে হার্নিয়ার সমস্যায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। 

চোট ও ফর্মের সমস্যায় জর্জরিত চেলসি এখন ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে। শনিবার তারা খেলবে চারে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে। 

কোপা আমেরিকা শুরু আগামী ২০ জুন।