চোটে মায়ামির পরের ম্যাচে অনিশ্চিত মেসি
কোপা আমেরিকার আগে মেসির চোট আর্জেন্টিনা জাতীয় দলের জন্যও কিছুটা দুর্ভাবনার বটে।
হাঁটুর চোটে ভুগছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির পরের ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে আর্জেন্টাইন তারকার খেলা নিয়ে তাই শঙ্কা জেগেছে।
মেজর লিগ সকারে (এমএলএস) গত শনিবার সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে দলের ৩-২ গোলে জয়ের ম্যাচে ৪০তম মিনিটে ফাউলের শিকার হওয়ার পর হাঁটু চেপে ধরে রাখতে দেখা যায় মেসিকে। যদিও ম্যাচের বাকি সময়ে খেলেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।
মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরাসেল মঙ্গলবার বললেন, এদিন অনুশীলনে পর্যবেক্ষণের পর ওরল্যান্ডোর বিপক্ষে মেসির খেলা নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
“আজ আমরা মেসিকে পর্যবেক্ষণ করব, অনুশীলন সেশনে সে কেমন অনুভব করে, তা দেখব, তারপর সিদ্ধান্ত নেব। গতকাল সে সাইকেল চালিয়েছিল এবং একটু দৌড়েছিল। হাঁটুতে কিছুটা ব্যথা অনুভব করছিল। আমরা দেখব আজ সে কেমন আছে।”
মেসিসহ মন্ট্রিয়লের বিপক্ষে যারা শুরুর একাদশে ছিলেন, তাদের বেশিরভাগই মঙ্গলবার সকালে দলের প্রথম ১৫ মিনিট অনুশীলন করেননি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক যখনই মাঠে নামবেন, নিজের সেরাটা নিংড়ে দেবেন বলে বিশ্বাস মোরালেসের।
“ব্যক্তি হিসেবে মেসিকে এক বছর ধরে চিনি আমি, সে খুবই উদ্যমী খেলোয়াড়। সে যেখানে খেলে, সেখানেই জিততে চায়। সে যা কিছু করে, তার সেরাটা দেওয়ার চেষ্টা করে। সে এখানে এসে এই লিগকে শক্তিশালী করার চেষ্টা করছে এবং এখন কোপা আমেরিকার জন্য প্রস্তুত হচ্ছে। সে যখনই খেলবে, তার সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা খুব খুশি।”
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকালে ওরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি।
আগামী ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা। তার আগে মেসির চোট আর্জেন্টিনার জন্যও দুর্ভাবনার বটে। যদিও টুর্নামেন্ট শুরু হতে এখনও এক মাসের বেশি সময় বাকি।
