চ্যাম্পিয়ন্স লিগে ‘বিশ্বের সেরা লিগ’ ইপিএলের আধিপত্য
চ্যাম্পিয়ন্স লিগের পুরস্কারের বড় ভাগটা পাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
ইংলিশ প্রিমিয়ার লিগের যে তীব্র লড়াই, ক্লাব ফুটবলে এর জুড়ি মেলা ভার- পুরনো কথাটা এবার আরও যেন শক্ত ভিত পেয়েছে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে প্রিমিয়ার লিগের ক্লা্বগুলোর আধিপত্য বেড়েই চলেছে। এর ইতিবাচক প্রভাব পড়বে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের আয়ে; ইউরোপ সেরা প্রতিযোগিতাটির মোট আর্থিক পুরস্কারের পাঁচ ভাগের এক ভাগ যেতে পারে ইংলিশ ক্লাবগুলোতে।
অনেক নাটকীয় ঘটনা আর রোমাঞ্চে ঠাসা সব লড়াইয়ে মধ্যে দিয়ে গত বুধবার শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব, যেখানে ইংল্যান্ডের পাঁচটি ক্লাব সেরা আটে থেকে সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ ও শিরোপাধারী পিএসজিও যা করতে পারেনি।
আসরের একমাত্র দল হিসেবে প্রাথমিক পর্বের আট ম্যাচের সবগুলো জিতে শীর্ষে থেকে শেষ করেছে আর্সেনাল। লিভারপুল তৃতীয়, টটেনহ্যাম হটস্পার চতুর্থ, চেলসি ষষ্ঠ ও ম্যানচেস্টার সিটি অষ্টম হয়েছে।
শেষ রাউন্ডে পিএসজির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ড্র করে টেবিলের দ্বাদশ স্থানে থেকে নিউক্যাসল ইউনাইটেডের জায়গা হয় প্লে-অফে।
ইতোমধ্যে প্লে-অফের ড্র হয়ে গেছে। দুই লেগের প্লে-অফে আজারবাইজানের ক্লাব কারাবাখের বিপক্ষে খেলবে নিউক্যাসল। ওই লড়াইয়ে জিততে পারলে লেখা হবে নতুন ইতিহাস; এর আগে কখনোই কোনো আসরে প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাব নকআউট পর্বে ওঠেনি।
টটেনহ্যাম হটস্পার কোচ টমাস ফ্র্যাঙ্কের মতে, এই চিত্রই পরিষ্কার বলে দিচ্ছে গল্পটা।
“এটা স্পষ্ট আধিপত্য।”
“আমরা সবাই কয়েক বছর ধরে বলছি যে প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ, আমার মনে হয়, এটা তার পক্ষের একটা ইঙ্গিত।”
চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ দলগুলোর ছড়ি ঘোরানোর গল্প আরও আকর্ষনীয় হয়ে ওঠে প্রিমিয়ার লিগে তাদের কারো কারো অবস্থান দেখলে। এই যেমন ইউরোপ সেরার মঞ্চে চতুর্থ হয়ে শেষ ষোলোয় ওঠা টটেনহ্যাম প্রিমিয়ার লিগের টেবিলে আছে ১৪ নম্বরে!
সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার লিগের কয়েক রাউন্ডে আর্সেনাল ও লিভারপুল ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেই তারাই চ্যাম্পিয়ন্স লিগে ছিল জয়ের পথে। ইউরোপ সেরার মঞ্চে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পায় লিভারপুল-রেয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচসহ-কিন্তু প্রিমিয়ার লিগে আর্না স্লটের এই দলই একই সময়ে ১৩ ম্যাচের মধ্যে জিততে পারে মাত্র চারটি।
অন্য লিগের দলগুলোর ক্ষেত্রে গল্পটা ভিন্ন। ইউরোপ সেরা প্রতিযোগিতায় স্প্যানিশ ক্লাবগুলোর আধিপত্যের ঘটনা পুরনো নয়। কিন্তু এবার তাদেরকে উল্টো পথে হাঁটতে দেখা গেছে।
গত চার মৌসুমে দুইবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ খুব ভালো অবস্থানে থেকেও, শেষ রাউন্ডে বেনফিকার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে হেরে যায়। স্পেনের শীর্ষ লিগ থেকে বার্সেলোনা নিশ্চিত করেছে নকআউট পর্ব, আর রেয়াল ও আতলেতিকো মাদ্রিদের জায়গা হয়েছে প্লে-অফে।
লা লিগার অন্য দুই ক্লাব আথলেতিক বিলবাও ও ভিয়ারিয়াল ধারাবাহিক বাজে পারফরম্যান্সে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
চলতি আসরে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিপক্ষে স্পেনের দলগুলোর ম্যাচের ফলও ভীষণ একপেশে; ১০ ম্যাচের মধ্যে একটি বাদে সবগুলোই হেরেছে লা লিগার ক্লাবগুলো। এর মধ্যে সাত ম্যাচে আবার গোলই করতে পারেনি তারা, এবং সবগুলো ম্যাচের হিসেবে হেরেছে মোট ২১-৫ গোলে।
জার্মান ক্লাবগুলোর সঙ্গে ইংলিশ ক্লাবের লড়াইও হয়েছে অনেকটা একইরকম; লিগ পর্বে সাতটি মুখোমুখি লড়াইয়ে মাত্র দুটিতে জিততে পেরেছে বুন্ডেসলিগার ক্লাব।
সেরি আর ক্ষেত্রেও বিষয়টা একই, বরং তাদের জন্য তা যেন আরও বেশি হতাশার। এবার ইতালির কোনো দল সরাসরি উঠতে পারেনি শেষ ষোলোয়। প্রিমিয়ার লিগের আধিপত্য সবচেয়ে বেশি হয়তো বুঝতে পারছে নাপোলি, শেষ রাউন্ডে চেলসির বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে ছিটকে গেছে গতবারের সেরি আ চ্যাম্পিয়নরা।
আতালান্তা, ইউভেন্তুস ও ইন্টার মিলান এখনও অবশ্য টিকে আছে; তবে শেষ ষোলোয় উঠতে তাদের খেলতে হবে প্লে-অফে।
প্রিমিয়ার লিগের দলের সঙ্গে সেরি আর দলগুলোর ব্যবধান কতটা, তা আরেকটু পরিষ্কার হয় লা গাজেত্তা দেল্লো স্পোর্তের যুক্তরাজ্য সংবাদদাতা দাভিদে চিনেল্লাতোর কথায়।
“ইতালিয়ান দলগুলো কোনো একক ম্যাচ হিসেবে জিততে পারে (আতালান্তা এবার চেলসিকে হারিয়েছিল ২-১ গোলে), কিন্তু পুরো মৌসুম বিবেচনায় সবাই জানে প্রিমিয়ার লিগের দলগুলো শক্তিশালী।”
“তাদের অর্থ অনেক বেশি, শ্রেয়তর খেলোয়াড় ও অনেক তারকাও আছে।”
প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আর্থিক সক্ষমতা পরিষ্কারভাবেই বেশি। ডেলোয়েটের সবশেষ প্রকাশিত গবেষণা প্রতিবেদনেও তাই দেখা যায়। তাদের এই অর্থের লিগের তালিকায় সবচেয়ে বেশি আয় করা ১০ ক্লাবের ছয়টিই প্রিমিয়ার লিগের। আর প্রথম ৩০টি দল ধরলে অনুপাতটা ৫০ শতাংশ।
গত গ্রীষ্মের দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খেলোয়াড় কেনায় খরচ করেছে রেকর্ড পরিমাণে, ৩০০ কোটি পাউন্ড; অন্যান্য লিগের চেয়ে যা অনেক বেশি।
অবশ্য তাদের আয়ের পরিমাণও অনেক বেশি। সারা বিশ্বে দারুণ জনপ্রিয় হওয়ার কারণে প্রিমিয়ার লিগ টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারে বিশাল অঙ্কে এবং তা থেকে ক্লাবগুলোর আয়ের পরিমাণও দিন দিন বেড়েই চলেছে।
বাড়তি আয় থেকে হাত খুলে বিনিয়োগের ফলই যেন এখন পাচ্ছে দলগুলো।
কেবল ম্যাচের ফলেই তাদের সাফল্য জ্বলজ্বল করছে না। মাঠের সাফল্য এবার তাদের আয়ের পরিমাণও বাড়িয়ে দিবে।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ই্ংল্যান্ডের ওই ছয় ক্লাব মিলে এবার উয়েফা থেকে আয় করবে অন্তত ৫০ কোটি ইউরো। সরাসরি শেষ ষোলোয় ওঠা পাঁচটি দলের সবাই অতিরিক্ত পাবে ২০ লাখ ইউরো করে।
ফুটবলের আর্থিক বিষয়ে বিষেষজ্ঞ কাইরান ম্যাগুইয়ারের মতে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ওই পাঁচ ক্লাব প্রায় ১০ কোটি ইউরো করে পেতে পারে।
এর অর্থ হলো, এবার উয়েফা যে ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে পুরস্কারের জন্য ২৫০ কোটি ইউরো ঘোষণা করেছে, তার পাঁচ ভাগের এক ভাগ পাবে ইংল্যান্ডের ক্লাবগুলো।
এমন আকাশছোঁয়া আয়ের আশাতেই পাঁচ বছর আগে বিতর্কিত সুপার লিগ গড়ার চেষ্টা করেছিল রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্তুস। বিশেষ করে ইংল্যান্ডে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়, থেমে যায় সেই পরিকল্পনা।
কেবল চ্যাম্পিয়ন্স লিগেই নয়, ইউরোপের অন্য দুই প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগ ও উয়েফা কনফারেন্স লিগেও আছে ইংলিশ ফুটবলের উন্নতি ছাপ। ইউরোপা লিগের টেবিলে দুইয়ে আছে অ্যাস্টন ভিলা ও ১৩ নম্বরে নটিংহ্যাম ফরেস্ট। আর কনফারেন্স লিগে টিকে আছে ক্রিস্টাল প্যালেস।
ইউরোপীয় প্রতিযোগিতায় ইংলিশ ক্লাবগুলোর এমন দাপটের কারণে কোইফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও শক্ত অবস্থানে আছে প্রিমিয়ার লিগ। অন্য লিগের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে তারা। ইংল্যান্ডের পয়েন্ট এখন ২০.০৬৯। দ্বিতীয় স্থানে ইতালির পয়েন্ট ১৪.২৫০।
ফলে আগামী চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি দল সরাসরি সুযোগ পাওয়ার সম্ভবনা এখন অনেক। আর এর ফলে ইউরোপা লিগ ও করফারেন্স লিগেও প্রিমিয়ার লিগের উপস্থিতি বাড়তে পারে।
