১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রক্ষণে শক্তি বাড়িয়েই চলেছে রেয়াল মাদ্রিদ

চার বছরের জন্য স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন দেঞ্জেল দেম্ফ্রিস।

রক্ষণে শক্তি বাড়িয়েই চলেছে রেয়াল মাদ্রিদ
নেদারল্যান্ডসের জার্সিতে দেঞ্জেল দেম্ফ্রিস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 10:09 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

নতুন মৌসুমের আগে আরও একজন ডিফেন্ডার দলে নিয়েছে রেয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে নেদারল্যান্ডসের দেঞ্জেল দেম্ফ্রিসকে টেনেছে স্প্যানিশ ক্লাবটি।

দেম্ফ্রিসের সঙ্গে চার বছরের চুক্তি করার কথা রোববার জানিয়েছে রেয়াল মাদ্রিদ। এর আগে দুই ডিফেন্ডার স্পেনের মার্ক কুকুরেইয়া ও ফ্রান্সের ইব্রাহিমা কোনাতকে দলে যোগ করেছে লা লিগার ক্লাবটি। এছাড়া পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভাকেও নিয়েছে তারা।

দলবদলের আর্থিক বিষয় খোলাসা করেনি দুই ক্লাব। তবে গণমাধ্যমের খবর, ৩০ বছর বয়সী এই ফুটবলারের চুক্তিতে থাকা ২ কোটি ইউরো রিলিজ ক্লজ মিটিয়েই তাকে দলে ভিড়িয়েছে রেয়াল।

নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন ছেড়ে ২০২১ সালে ইন্টার মিলানে যোগ দেন দেম্ফ্রিস। সেখানে কাটানো পাঁচ মৌসুমে নিজেকে নির্ভরযোগ্য রাইট উইং-ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

ইন্টারের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে, ২০৭ ম্যাচে মাঠে নেমে ২৭টি গোল করেন দেম্ফ্রিস। পাশাপাশি সতীর্থদের ২৮টি গোলের রাখেন অবদান।

মিলানের ক্লাবটির হয়ে দুটি সেরি আ ও তিনটি ইতালিয়ান কাপসহ মোট ৮টি ট্রফি জিতেছেন দেম্ফ্রিস। সবশেষ মৌসুমেও ইন্টারের ঘরোয়া ‘ডাবল’ জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এবারের বিশ্বকাপে শেষ বত্রিশ থেকেই বিদায় নেন নেদারল্যান্ডস। টাইব্রেকারে মরক্কোর বিপক্ষে হেরে যায় তারা। আসরে ডাচদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দেম্ফ্রিস।

রেয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস তার নির্বাচনী প্রচারণায় দলের রক্ষণভাগ শক্তিশালী করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারই অংশ হিসেবে একের পর এক ডিফেন্ডার দলে টেনে চলেছে ক্লাবটি।