‘লড়াইটা আমাদের আক্রমণভাগের সঙ্গে ওদের রক্ষণেরও’
লড়াইটা কেবল কুয়েতের আক্রমণভাগের বিপক্ষে বাংলাদেশের রক্ষণের নয় বলে মনে করেন কোচ হাভিয়ের কাবরেরা।
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করা দল কুয়েত, ৮টি। তাদের ৬ জন পেয়েছেন জালের দেখা। শক্তি, সামর্থ্যে বেশ এগিয়ে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশের রক্ষণের কঠিন পরীক্ষাই দিতে হবে। তবে কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করছেন, তারা শুধু আক্রমণ ঠেকিয়ে যাবেন এমন নয়। রাকিব হোসেন, শেখ মোরসালিনরাও চাপে রাখবেন কুয়েতের ডিফেন্ডারদের।
বাংলাদেশ জালের দেখা পেয়েছে ৬ বার। জোড়া গোল করেছেন রাকিব ও মোরসালিন। একটি গোল করেছেন কাজী তারিক রায়হান।
কুয়েতের হয়ে গোল করতে পারেন যে কেউই। বাংলাদেশ কোচ ভালো করেন জানেন, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, তারিক, রহমত মিয়াদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
“অবশ্যই এ ম্যাচে বাংলাদেশের ডিফেন্স লাইন এবং কুয়েতের আক্রমণভাগের মধ্যে একটা লড়াই হবে এবং সেই সাথে কুয়েতের রক্ষণভাগের সঙ্গে বাংলাদেশের ফরোয়ার্ড লাইনের লড়াইও হবে। আমরা শেষ পর্যন্ত তাদের বিপক্ষে লড়াইয়ের চেষ্টা করব এবং দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সুযোগ আছে। তবে আমাদের লক্ষ্য জেতা।”
রাকিব ও মোরসালিনের বোঝাপড়া আক্রমণভাগের গভীরতা বাড়িয়েছে। ইদানিং ‘ফলস নাইন’ পজিশনে খেলা জামালের সঙ্গে এ দুজনের বনিবনাও বেশ ভালো। তাছাড়া মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয় যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। শুক্রবারের সংবাদ সম্মেলনে জামালও বললেন, কুয়েতকে বিপদে ফেলতে চান তারা।
“তাদের সঙ্গে আমার খুবই ভালো বোঝাপড়া আছে। শেষ দুই ম্যাচে ছয় গোল করেছি। এর মানে আমরা আমাদের কাজটা ঠিকঠাকভাবে করেছি। সবসময় টানা দুই ম্যাচে ছয় গোল করা সম্ভব না। তবে আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। যারা ভালো অবস্থায় থাকবে তারা দলের জন্য সর্বোচ্চটাই করে যাবে।”
“আমাদের এখন যে আত্মবিশ্বাসটা আছে সেটাকে আরও এক ধাপ বাড়িয়ে খেলতে হবে। মালদ্বীপ ও ভুটানের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, তবে কুয়েত হলো লেবানন সমপর্যায়ের দল। আমাদের তাদের পর্যায়ের ফুটবল খেলতে হবে, তাদের বিপদে ফেলতে হবে।”
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে শনিবার বাংলাদেশ সময় সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল। দুই জয় ও এক ড্রয়ে ভারতকে পেছনে ফেলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা চারের মঞ্চে এসেছে কুয়েত।
লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরে এবারের যাত্রা শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচে মালদ্বীপ ও ভুটানকে উড়িয়ে ২০০৯ সালের পর সেমি-ফাইনাল খেলছে।
