সিটির ‘ছন্দপতন’ নিয়ে কেন এত কথা হচ্ছে, বুঝতে পারছেন গুয়ার্দিওলা
ম্যানচেস্টার সিটি কোচের মতে, লিগের বাকি সব দলের চেয়ে তাদেরকে ‘উঁচু মানের’ হিসেবে বিবেচনা করা হয়।
লুটন টাউনের বিপক্ষে মাঠে নামার আগে ম্যানচেস্টার শিবিরে উঁকি দিচ্ছে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার শঙ্কা। ছন্দহারা দলটি ২০০৯ সালের পর এই প্রথম এমন দুঃসময়ের মুখোমুখি হয়েছে। আর পেপ গুয়ার্দিওলা তো কখনোই তার কোচিং ক্যারিয়ারে এমন পরিস্থিতির মুখে পড়েননি। সামনে যেন আরও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়, সেজন্য গুয়ার্দিওলা দলকে তাগিদ দিলেন জেগে ওঠার।
প্রিমিয়ার লিগে রোববার রাত ৮টায় লুটনের মুখোমুখি হবে সিটি। সবশেষ চার লিগ ম্যাচের তিনটিতে ড্র করেছে তারা, হেরেছে একটি। গত মৌসুমের দুর্বার সিটির জন্য এই পরিসংখ্যান খুবই অস্বাভাবিক।
গুয়ার্দিওলাও সেটা অনুধাবন করতে পেরেছেন। তার মতে, লিগের বাকি সব প্রতিপক্ষের চেয়ে তাদেরকে ‘উঁচু মানের’ দল হিসেবে বিবেচনা করা হয়। এজন্যই তাদের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে এত বেশি কথা হচ্ছে।
গত চার ম্যাচে সিটি খেলেছে চেলসি, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। এই চার দলের মধ্যে শুরুর তিন প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে তারা; হেরে যায় ভিলার কাছে।
বর্তমানে লিগ টেবিলে এই চার দলের সবাই শীর্ষ দশে আছে। তার মধ্যে লিভারপুল, অ্যাস্টন আর টটেনহ্যাম তো আছে শীর্ষ পাঁচে।
১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল, ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল, ৩৫ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা, টটেনহ্যাম ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
চতুর্থ স্থানে থাকা সিটির পয়েন্ট ৩০। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে লিগের শিরোপাধারীরা।
তাই, ওই দলগুলোর বিপক্ষে পয়েন্ট হারানো খুব একটা অস্বাভাবিক ঘটনা হওয়ার কথা নয়। কিন্তু দলটা সিটি বলেই হয়তো তাদের একের পর এক হোঁচট নিয়ে সবাই কথা বলছে।
সিটির এই বিবর্ণ পথচলা অস্বাভাবিক অনেক কারণেই। ছয় বছরের মধ্যে পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা, গত মৌসুমে ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে জিতেছে ট্রেবল। এতসব প্রাপ্তির পর সবার প্রত্যাশা যে কেবল সিটিকে ঘিরে, তা অনুভব করতে পারছেন গুয়ার্দিওলা।
“তারা আমাদের থেকে যতটা প্রত্যাশা করে, আমাদের বন্ধুদের (প্রতিপক্ষ) কাছে ততটা নয় -মোটেই না। (বিষয়টা এমন যে) এখানে স্রেফ একটা দলই প্রিমিয়ার লিগ জিততে ‘ব্যর্থ’ হতে পারে, সেটা আমরা। বাকিদের জন্য এটা জেতা অনেক বড় সাফল্য- যে কোনো দলের জন্যই এই একই কথা।”
“শেষ পর্যন্ত যদি তারা না জিততে পারে-আর্সেনাল, লিভারপুল, চেলসি, সবাই-এটাই স্বাভাবিক। কেননা, সিটির এটা জেতা উচিত; সিটি না জিতলে সেটা অন্যায্য। কিন্তু প্রতিটি সপ্তাহ, তিন দিন অন্তর অন্তর ম্যাচ, বছরের পর বছর এভাবে এগিয়ে যাওয়া কঠিন।”
তবে গুয়ার্দিওলাও জানেন, সিটির সামনে সুযোগ আছে টানা চার বছর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের। ইংলিশ প্রিমিয়ার লিগে যে কীর্তি কোনো দল গড়তে পারেনি আজও।
সিটির সামনে অবশ্য ভালো সুযোগ তৈরি হয়েছে সবশেষ লিগ ম্যাচে ভিলার বিপক্ষে আর্সেনাল হেরে যাওয়ায়। লুটনের বিপক্ষে জিতলে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে এবং শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে চারে নামিয়ে আনতে পারবে তারা।
তাতে গত চার ম্যাচের ‘ক্ষতিটুকু’ পুষিয়ে নিতে পারবে সিটি। গুয়ার্দিওলাও ভাবছেন এমন করে। এই ভাবনা জানাতে অবশ্য দার্শনিকের সুরেই কথা বলেন এই স্প্যানিশ কোচ।
“ম্যান সিটিরও খারাপ সময় থাকতে পারে। মানুষ বদলায়, ব্যক্তিগত জীবন বদলাতে পারে। সেখানে খারাপ সময় থাকে। ফুটবলে, খেলাধুলায়, জীবনে-সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে জয়, জয় এবং জয় পাওয়া। আমরা তা পেয়েছি। অনেকগুলো বছর ধরে আমরা সবকিছু জয়ের মূল দাবিদার ছিলাম। যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে (২০২২ সালে, রেয়াল মাদ্রিদের বিপক্ষে) হেরে ছিটকে গেলাম, সেটা অনেক বড় বিপর্যয় ছিল। আর এটাই আমাদের মান ছিল।”
“খেলাধুলায়, এমন মৌসুম আসবে যেখানে খারাপ সময় থাকবে। আমাদের প্রতিপক্ষদের দিকে তাকান, অবশ্যই আমরাও ম্যাচ এবং প্রতিযোগিতাগুলোতে হারতে পারি। কিন্তু দয়া করে বলবেন না যে এটা আমাদের আত্মতুষ্টির কারণে হয়েঝে। কেননা এই দলটি এই মানসিকতা নিয়ে তৈরি হয়নি।”
