রোনালদোর বয়সেও খেলবেন? এমবাপে বললেন, ‘ফ্রান্সে সম্ভব নয়’
‘৪১ বছর বয়সে ফ্রান্স আমাকে খেলতে দেবে না’, বললেন কিলিয়ান এমবাপে।
বিশ্ব ফুটবলের মোটামুটি সবারই জানা, ছেলেবেলো থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মেনেই বেড়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। এখনও পর্তুগিজ তারকার প্রতি অনুরাগের কথা সুযোগ পেলেই বলেন ফরাসি তারকা। কিন্তু ক্যারিয়ারের দৈর্ঘ্যের দিক থেকে প্রিয় তারকাকে অনুসরণ করার কোনো সম্ভাবনাই দেখেন না এই ফরোয়ার্ড। কারণ তিনি জানেন, ফ্রান্স দলে ৪১ বছর বয়সে খেলার সুযোগ কখনোই মিলবে না।
গত বিশ্বকাপের পারফরম্যান্সে তুমুল সমালোচনার শিকার হলেও জাতীয় দল থেকে অবসর নেননি রোনালদো। ৪১ বছর বয়সে বিশ্বকাপে খেলা এই তারকা পর্তুগালের হয়ে আবার মাঠে নামবেন বৃহস্পতিবার নেশন্স লিগের ম্যাচ দিয়ে। অবসরের সম্ভাব্য সময় নিয়েও কোনো সুনির্দিষ্ট ধারণা তিনি দেননি।
নেশন্স লিগে খেলবেন এমবাপেও, নেতৃত্ব দেবেন ফ্রান্সকে। ১৪ বছর পরও কি তিনি নিজেকে ফ্রান্সের জার্সিতে দেখেন? জার্মান পত্রিকা ‘বিল্ড’-এ সাক্ষাৎকারে বুধবার সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন রেয়াল মাদ্রিদের তারকা।
“সত্যি বলতে, আমি যে দেশের হয়ে খেলি তা বিবেচনা করলে এটা সম্ভব নয়... ফ্রান্স আমাকে কখনোই ৪১ বছর বয়সে খেলতে দেবে না।
ক্রিশ্চিয়ানো প্রমাণ করেছেন যে, শারীরিকভাবে ও মানসিকভাবে ফিট থাকলে দীর্ঘদিন ধরে এই পর্যায়ে খেলে যাওয়া যায়। তবে আমার ক্ষেত্রে, এমনটা হওয়ার সম্ভাবনা দেখি না।”
এমবাপের কাছে জিজ্ঞেস করা হলো তার ফরাসী সতীর্থ মাইকেল ওলিসেকে নিয়েও। বিশ্বকাপের পর বায়ার্ন মিউনিখ ছেড়ে তার রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ডালপালা মেলেছিল বেশ। শেষ পর্যন্ত যদিও তা সত্যি হয়নি। এখন জাতীয় দলের খেলার সময় এমবাপে কি তাকে পরামর্শ দেবেন সামনে রেয়ালে চলে আসতে?
এমবাপে বললেন, এমন পরামর্শ দেওয়াটা ওই ফুটবলার ও তার ক্লাবের প্রতি অমর্যাদাকর।
“(ওলিসের রেয়াল মাদ্রিদে আসা নিয়ে) জল্পনা-কল্পনা জানা ছিল আমার। কিন্তু এসব পরিস্থিতি আমি ভালোভাবেই জানি। আমি নিজেও যখন পিএসজিতে ছিলাম, এরকম অসংখ্য গুজব তৈরি হয়েছে।
আমি মনে করি, একজন ফুটবলারকে দলবদল নিয় পরামর্শ দেওয়াটা অসম্মানজনক। এটা বায়ার্নের প্রতিও অন্যায় হবে, বিশেষ করে বায়ার্ন যেহেতু দুর্দান্ত একটি ক্লাব, যেখানে মাইকেল অনেক কিছু অর্জন করতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার, বিশ্বের প্রতিটি ক্লাবই মাইকেল ওলিসেকে দলে পেতে চাইবে। সে অসাধারণ ফুটবলার।”
পিএসজি ছেড়ে রেয়ালে আসার পর এখনও উল্লেখযোগ্য কোনো বড় ট্রফি জিততে পারেননি এমবাপে। স্বপ্নের ক্লাবে পা রাখলেও দল হিসেবে প্রত্যাশিত সাফল্য মিলছে না। নতুন মৌসুমের শুরুটাও খুব ভালো হয়নি এখনও পর্যন্ত। তবে কোচ জোসে মরিনিয়োর ওপর ভরসা রাখছেন এমবাপে।
“জোসে মরিনিয়ো অত্যন্ত বুদ্ধিমান। এ কারণেই তিনি ক্যারিয়ারে এত বড় সাফল্য অর্জন করতে পেরেছেন। আমাদের ফুটবলারদের খুব কাছের তিনি এবং আমাদের প্রতি তার সত্যিকারের আগ্রহ রয়েছে। তিনি একজন নেতা, আমাদের কাছ থেকে সেরাটা কীভাবে বের করে আনতে হয়, তা তিনি ঠিক জানেন।”
