তৃপ্তি ও অতৃপ্তির দোলাচলে আনচেলত্তি
কার্লো আনচেলত্তি মনে করেন, তার দলকে হারানো কঠিন।
শাখতার দোনেৎস্কের বিপক্ষে ফিরতি লেগে রিয়ালের মাদ্রিদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অন্তিম মুহূর্তের গোলের আগ পর্যন্ত পেয়ে বসেছিল হারের শঙ্কাও। শেষ পর্যন্ত তাই হার এড়ানোর স্বস্তি থাকলেও খুশি হতে পারছেন না কোচ কোচ কার্লো আনচেলত্তিরও।
তবে দল সেরা ছন্দে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত হওয়ায় খুশি তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ‘এফ’ গ্রুপের ম্যাচে শাখতারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। ৪৬তম মিনিটে অলেকসান্দার জুভকভের গোলে এগিয়ে যায় ইউক্রেইনের ক্লাবটি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ হেডে সমতা টানেন জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।
বিশ্রাম শেষে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন রিয়ালের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। আক্রমণে এদেন আজার, মার্কো আসেনসিওরাও ছিলেন মলিন। আলো ছড়াতে পারেননি বদলি হিসেবে নামা ভিনিসিউস জুনিয়রও।
ম্যাচটিতে আক্রমণের মত রক্ষণেও ভুগতে হয়েছে রিয়ালকে। সব মিলিয়ে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম ক্লাবটির জন্য এই ম্যাচ থেকে প্রাপ্তি আছে খুব সামান্যই। তবে মার্কার সঙ্গে আলাপচারিতায় আনচেলত্তি চেষ্টা করলেন ইতিবাচক দিক খোঁজার।
“আমরা ভালো খেলিনি, কিন্তু এই দল কখনও হাল ছাড়ে না। আজ রাতে আমাদের পারফরম্যান্স খারাপ হলেও আমরা শেষ ষোলোয় উঠেছি, এটা ভালো ব্যাপার।”
“তাদের গোলটা আমাদের কাজটা আরও কঠিন করে তুলেছিল। আমরা খুব খারাপ খেলেছি, কিন্তু আমরা দেখিয়েছি যে আমরা কখনও হাল ছাড়ি না। আমরা খারাপ খেলেছি, ফুটবলে কখনও কখনও এমন হয়। ইতিবাচক বিষয় হলো আমরা হাল ছাড়িনি। যে দল নকআউট পর্বে পৌঁছায় তারাই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে এবং আমরা সেখানে পৌঁছেছি। এই দলকে হারানো কঠিন।”
পরবর্তী ম্যাচে আগামী রোববার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে খেলবে রিয়াল। হাইভোল্টেজ ম্যাচটির আগে আনচেলত্তির জন্য রক্ষণ চিন্তার কারণ হতে পারে। এই মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে মাত্র তিনটি ‘ক্লিনশিট’ রাখতে পারে মাদ্রিদের ক্লাবটি।
লা লিগায় ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে রিয়াল।
