Published : 14 Sep 2026, 06:54 PM
দুরূহ কোণ থেকে আর্লিং হলান্ডের শট জালে জড়াতেই অফসাইডেরে পতাকা তোলেন লাইন্সম্যান। তবে ভিএআরের হস্তক্ষেপে পাল্টে যায় সিদ্ধান্ত, বেশ কিছুক্ষণ পর্যালোচনার পর তাদের পরামর্শে গোলের বাঁশি বাজান রেফারি, উল্লাসে ফেটে পড়ে ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত সেটাই মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ব্যবধান গড়ে দেয়, যা ‘ভুল সিদ্ধান্ত’ ছিল বলে স্বীকার করেছে প্রিমিয়ার লিগের রেফারিং পর্ষদ ‘প্রো রেফ।’
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেলেও, হলান্ডের ওই বিতর্কিত গোলে জয় পায় সিটি।
হাইভোল্টেজ ম্যাচটিতে কোনো দলই খুব বেশি ভালো সুযোগ তৈরি করতে পারেনি। তবে পজেশন রাখায় ও আক্রমণে এগিয়ে ছিল ইউনাইটেড। ২৩তম মিনিটে স্বাগতিক অধিনায়ক ব্রুনো ফের্নান্দসের পেটে লাথি মেরে মিডফিল্ডার ফিল ফোডেন সরাসরি লাল কার্ড দেখায়ও বাকি সময়ে বেশ ভুগতে হয় সিটিকে।
তবে ওই ভোগান্তির মাঝেই ৬০তম মিনিটে জালে বল পাঠান হলান্ড। বাঁ দিক থেকে ইয়োশকো ভার্দিওলের ক্রসে বল ইউনাইটেডের প্যাট্রিক ডগুর বুটে লেগে দূরের পোস্টে পান হলান্ড এবং নিখুঁত শটে গোলটি করেন নরওয়ে তারকা।
তবে বিতর্কের রসদ আছে আরেক জায়গায়, বল হলান্ডের পায়ে যাওয়ার মাঝপথে তাতে হেড করতে ডাইভ দেন এন্সো ফের্নান্দেস, যদিও তিনি মাথা ছোঁয়াতে পারেননি।
প্রো রেফ তাদের বিবৃতিতে লিখেছে, “এটা প্রতিষ্ঠিত যে এন্সো ফের্নান্দেস বলে কোনোরকম স্পর্শ করেনি এবং এর ফলে অফসাইডের সিদ্ধান্তটি ব্যক্তি-সাপেক্ষ হয়ে পড়ে।
“তবে এক্ষেত্রে, এই পজিশনের মুভমেন্টের সম্ভাব্য প্রভাব ভেবে দেখেনি ভিএআর এবং বিষয়টি অন-ফিল্ড রেফারিকে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া উচিত ছিল।”
ম্যাচের দিনই বিষয়টি ইউনাইটেডকে জানানো হয়েছে হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে প্রো রেফ।
“আমাদের মতে এক্ষেত্রে যে একটা ভুল হয়েছে, তা স্বীকার করে নিতে আজ সন্ধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই ঘটনার পর্যালোচনা করা হবে।”
গোলটি একদমই মানতে পারছে না ইউনাইটেডের কেউ। দলটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের মতে, এটা ‘অন্যায়।’ ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক সিদ্ধান্তটি বুঝে উঠতেই পারছেন না।
চার ম্যাচে শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল।
আর ইউনাইটেড চার রাউন্ডে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।