আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে ঢুকে পড়লেন অনুপ্রবেশকারী, হতবাক স্কালোনি
অস্বাভাবিক এই ঘটনায় হচকচিয়ে যান দেশটির বিশ্বকাপ জয়ী কোচ।
জাম্বিয়ার বিপক্ষে জয়ের পর, আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি যখন দলের পারফরম্যান্স নিয়ে নিজের ভাবনা জানাচ্ছিলেন, সেই সময় আচমকা এক তরুণ ঢুকে পড়েন সংবাদ সম্মেলন কক্ষে। সেখানেই শেষ নয়, উঠে দাঁড়িয়ে এই তরুণ স্কালোনিকে নানা উপদেশ দিতে শুরু করেন!
বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হওয়া ম্যাচে ৫-০ গোলের দাপুটে জয় পায় আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে এটাই ছিল দেশের মাঠে তাদের শেষ ম্যাচ। চার দিন আগে তারা আফ্রিকার আরেক দল মৌরিতানিয়াকে হারায় ২-১ গোলে, যদিও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সেদিনের পারফরম্যান্স ভালো ছিল না।
ফিফা র্যাঙ্কিংয়ে মৌরিতানিয়ার অবস্থান ১১৫, আর জাম্বিয়া আছে ৯২ নম্বরে। দুই দলের কেউই উঠতে পারেনি এবারের বিশ্বকাপে। এমন দুই দলের বিপক্ষে খেলে আর্জেন্টিনা কতটা নিজেদের প্রস্তুত করতে পারবে, সেই প্রশ্ন ছুড়ে দেন ওই তরুণ।
নিজেকে ফরাসি-আর্জেন্টাইন পরিচয় দিয়ে তরুণ বলেন, তিনি সাহায্য করতে চান। বিশ্বকাপের প্রস্তুতিপর্বে এমন নিচের সারির দুই দলের বিপক্ষে আর্জেন্টিনার খেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
“মৌরিতানিয়া ও জাম্বিয়া, এই দুই দল কি আর্জেন্টিনার মানের সঙ্গে মানানসই, তাদের সঙ্গে লড়াইয়ে কি (নিজেদের) মান বুঝতে পারেন আপনি? আমি চাই, আপনি প্রস্তুত হয়ে বিশ্বকাপে যান। ফ্রান্স একটা ভালো দল।”
অস্বাভাবিক এই ঘটনায় হচকচিয়ে যান দেশটির বিশ্বকাপ জয়ী কোচ। দ্রুতই অবশ্য নিজেকে সামলে নেন তিনি। কিছুক্ষণ পর ওই ব্যক্তিও সংবাদ সম্মেলন কক্ষ থেকে চলে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।
স্কালোনির মনে হয়েছে, ঘটনাটি ‘সাজানোও’ হতে পারে।
এবারের আন্তর্জাতিক বিরতিতে অবশ্য একটি বড় ম্যাচই খেলার কথা ছিল আর্জেন্টিনার; ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমায়। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ভেস্তে যায় সেটা। পরে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচের চেষ্টা করা হয়, সেটাও ভেস্তে যায়।
সবশেষে, মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে এই দুই ম্যাচ আয়োজন করতে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
